জিনাত আরা আহমেদ।।
বাংলাদেশ খাদ্য নিরাপত্তায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিরাপদ খাদ্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি পুষ্টিসমৃদ্ধ খাবার অপরিহার্য নিয়ামক। সুস্থ্য জাতি গঠনে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের কোন বিকল্প নেই। খাদ্য গ্রহণের মূল উদ্দেশ্য হল সুস্থ্য, সবল ও কর্মক্ষম হয়ে বেঁচে থাকা। পুষ্টি আর খাবারের ওপর নির্ভর করে আমাদের কর্মক্ষমতা, মেধাবৃদ্ধি, উন্নতি ও সমৃদ্ধি। যে কোন খাবার খেয়ে পেট ভরানো যায় কিন্তু দেহের চাহিদা মিটিয়ে সুস্থ্য থাকা যায় না। তাই স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টি সচেতনতার কোন বিকল্প নেই।
মূলত: পুষ্টি উন্নয়নের ভিত্তি। পুষ্টি সচেতনতার অভাবে অসংক্রামক রোগ তথা ডায়াবেটিস, হৃদরোগসহ নানা ধরণের শারিরীক জটিলতা দেখা দিতে পারে। এর প্রভাবে অপুষ্টিসহ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে মানুষ বিভিন্ন রকম অসুখে ভোগে। তাতে কর্মক্ষমতা লোপ পায়, যা সার্বিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
অপুষ্টি প্রধানত শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থতার জন্য প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি বোঝায়। খাবারে এক বা একাধিক উপাদানের স্বল্পতা অর্থ্যাৎ সুষম খাবারের দীর্ঘ অভাব অপুষ্টির অন্যতম কারণ। অপুষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় শিশু, গর্ভবতী ও দুগ্ধদাত্রী মায়েরা। আয়রণ ও ফলিক এসিডের অভাবে মেয়েদের রক্তশূন্যতা এবং প্রোটিন ও শর্করাজাতীয় খাদ্যের অভাবে শিশুদের মাঝে পুষ্টিহীনতা দেখা দেয়। এর ফলে শিশুরা কোয়াশিওরকর ও ম্যারাসমাস রোগে আক্রান্ত হয়। কৃমির কারণেও অপুষ্টির শিকার হয় শিশুরা। বাংলাদেশে প্রায় ৫ লাখ লোকের রয়েছে আয়োডিনের অভাবজনিত মানসিক জড়তা।আর এই আয়োডিনের অভাবে অটিজমের হার বাড়ছে।
পুষ্টিহীনতা যে শুধুমাত্র দরিদ্রদের মাঝেই রয়েছে তা নয়, বরং স্বচ্ছল ও মধ্যবিত্ত শ্রেণীর মাঝেও পুষ্টিহীনতা লক্ষ্যনীয়। অতিরিক্ত খাবার গ্রহণের ফলে ওজনাধিক্য সমস্যাও পুষ্টিহীনতার লক্ষণ। শহরাঞ্চলে শারীরিক পরিশ্রমের অভাব, ফাস্টফুড গ্রহণের প্রবণতা স্থুলতার অন্যতম কারণ। অনেক সময় পুষ্টিগুণ সম্পন্ন শাকসবজি এবং সুষম খাবার না খাওয়ার পরিণতিতে আয়রণের অভাব স্থুলতার কারণ হতে পারে। সুস্থ্য-সবল- মেধাবী প্রজন্মের লক্ষ্যে সরকার ২০১৫ সালে জাতীয় পুষ্টি-নীতি প্রণয়ন করেছেন। এতে জাতীয় পর্যায়ে সুস্বাস্থ্য নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। বলা হয়েছে, শিশুর যথাযথ পুষ্টি নিশ্চিত করতে হলে গর্ভাবস্থায় মাকে পর্যাপ্ত পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। শুধু তাই না, জন্মের পর মায়ের দুধের মাধ্যমে শিশু পুষ্টি পেয়ে থাকে, তাই এক্ষেত্রেও মায়ের যথাযথ পুষ্টি প্রয়োজন । শিশুর সুষম বৃদ্ধির জন্য দরকার মাছ, মাংস, দুধ ও ডিমের মত প্রোটিন । সেইসাথে থাকতে হবে ভিটামিন ও খনিজ লবণসমৃদ্ধ ফলমূল-শাকসবজি।
খাদ্য নিরাপত্তায় খাবারের সহজলভ্যতা অর্থ্যাৎ প্রাপ্যতা গুরুত্বপূর্ণ বিষয়। পুষ্টিকর খাবারের জন্য খাদ্য উৎপাদন, সংরক্ষণ, বিপণন এবং ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা থাকতে হবে। এটা টেকসই উন্নয়নের অন্যতম ভূমিকা পালন করে। আমাদের প্রধান খাদ্য চাল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্নতা অর্জনের দ্বারপ্রান্তে। সবজি উৎপাদনেও আমরা স্বনির্ভরতা অর্জন করেছি। শর্করা জাতীয় আলু উৎপাদনে বিশে^র সপ্তম অবস্থানে । মাছ, মাংস ও ডিম উৎপাদনেও আমাদের অবস্থান আশাব্যাঞ্জক। কিন্তু পুষ্টিকর খাবার গ্রহনের হার মোটেও সন্তোষজনক নয়। নিরাপদ খাবার বিষয়ে আমাদের সচেতনতা নেই বললেই চলে।
নিরাপদ খাদ্যের জন্য খাদ্য উৎপাদন, মজুদ, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার উন্নয়ন জরুরি বিষয় । কৃষিজপণ্য ফসল, মাছ এবং প্রাণীসম্পদের যথাযথ ব্যবস্থাপনা নিরাপদ খাদ্যের গুরুত্বপূর্ণ ধাপ। খাদ্য উৎপাদনে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি হয়। কীটনাশক প্রয়োগের পর নির্দিষ্ট সময়ের আগে ক্ষেত থেকে ফসল সংগ্রহ ও বাজারজাত করা হলে জনস্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে থাকে। এর জন্য কৃষক পর্যায়ে প্রশিক্ষণ ও সচেতনতা জরুরি। খাদ্য সংরক্ষণে ফরমালিনের ব্যবহার মানুষের স্বাস্থ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকে। ফল ও ফসলের নিরাপদ সংরক্ষণ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেয়া হলে ভোক্তা নিরাপদ খাদ্যের নিশ্চয়তা পাবে।
মূলত ভোক্তার দৃষ্টিভঙ্গি নিরাপদ খাদ্য নিশ্চিতে ভূমিকা রাখে। পুষ্টিকর খাবারের নিশ্চয়তা পেতে হলে খাবারের মান বিষয়ে সচেতন থাকতে হবে। বাজারে দৃষ্টি আকর্ষণের নিমিত্তে রয়েছে নানা রঙের প্যাকেটজাত খাবার। এর মাধ্যমে প্লাস্টিক দূষণের শিকার হচ্ছি আমরা। খাবার সম্পর্কে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন অনেক সময় জনগণকে অনিরাপদ খাবারে উৎসাহিত করে। বাজারে প্রচলিত খাদ্যের মান নির্ণয়ে প্রয়োজনীয় ল্যাব স্থাপন করা দরকার। অধিক মূল্য নিরাপদ খাবারের জন্য বড় চ্যালেঞ্জ। এর ফলে খাদ্য প্রস্তুতে ব্যবসায়ীরা ভেজাল ও কমদামী উপকরণ দিয়ে থাকে। খাবারে ভেজাল মেশানো হলে ঘাতক ব্যাধি ক্যান্সার থেকে শুরু করে শরীরে নানা ধরণের জটিল রোগের সৃষ্টি হয়ে থাকে। ভেজাল ও বিষাক্ত অপদ্রব্য মেশানো খাবার বিক্রয় বন্ধে কঠোর নজরদারী থাকতে হবে। তা ছাড়া উৎপাদন পর্যায়ে ন্যায্যমূল্য নিশ্চিত করা হলে কৃষক নিরাপদ খাদ্য উৎপাদনে উৎসাহিত হবে।
লেখক: উপপ্রধান তথ্য অফিস, আঞ্চলিক তথ্য অফিস, খুলনা। ( পিআইডি ফিচার)











































