Home আন্তর্জাতিক যুদ্ধের ১১তম দিন: ইউক্রেনে রুশ হামলার সর্বশেষ পরিস্থিতি

যুদ্ধের ১১তম দিন: ইউক্রেনে রুশ হামলার সর্বশেষ পরিস্থিতি

10

খুলনাঞ্চল ডেস্ক।।

গত ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালাতে শুরু করে রুশ সেনারা।

এরপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ১১তম দিনে গড়িয়েছে। টানা ১১ দিনের রক্তক্ষয়ী সংঘাতে দুই পক্ষেরই হতাহতের খবর পাওয়া গেছে।

এরই মধ্যে ইউক্রেনের কয়েকটি শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। অন্যদিকে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনের সেনাবাহিনী ও বেসামরিক নাগরিকরা।

এক নজরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১১তম দিনের সর্বশেষ পরিস্থিতি-

**দক্ষিণাঞ্চলের অবরুদ্ধ শহর মারিওপোল থেকে আটকে পড়া বেসামরিক মানুষকে নিরাপদে সরিয়ে আনার জন্য দ্বিতীয় দিনের মতো চেষ্টা চলছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রুশ বাহিনীর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি নতুন রুট ঠিক করা সম্ভব হয়েছে। আজ স্থানীয় সময় দুপুর ১২টায় এটি খোলার কথা। তবে বাস্তবে সেখানে কী ঘটছে তা পরিস্কার নয়।

**গতকাল রুশ বাহিনীর সঙ্গে আলোচনার পর বেসামরিক নাগরিকদের জন্য একটি মানবিক করিডোর খুলে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছিল দুই পক্ষ। কিন্তু রুশ বাহিনীর হামলার মুখে বেসামরিক নাগরিকদের উদ্ধার অভিযানের ওই পরিকল্পনাটি ভেস্তে যায়।

**ইউক্রেনের বন্দর শহর ওডেসায় রুশ বাহিনী গোলাবর্ষণের প্রস্তুতি নিচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আশংকা করছেন, সেখানে এক ‘ঐতিহাসিক অপরাধ’ সংঘটিত হতে যাচ্ছে।

**রাশিয়ার যুদ্ধ কমান্ড দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের দিকে বেশি মনোযোগ দিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রুশদের লক্ষ্য ইউক্রেনকে কৃষ্ণসাগর থেকে বিচ্ছিন্ন করে ফেলা।

**রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমেও তীব্র লড়াই চলছে। ইরপিন নামের একটি ছোট শহর তীব্র আক্রমণের মুখে পড়েছে। রাশিয়ার যে বিশাল সামরিক কনভয় কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে, সেটির সামনের অংশ এই শহরের কাছে। শহরটির ওপর তীব্র গোলাবর্ষণ করা হচ্ছে, বিমান হামলা চলছে।

**পূর্বদিকে খারকিভ এবং সুমি শহরেও নতুন করে বোমা হামলা চালাচ্ছে রুশ বাহিনী।

**এখন পর্যন্ত ১৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত দশ দিনে সীমান্ত অতিক্রম করে এসব দেশে আশ্রয় নিয়েছে।

**রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার এই সংঘাত বহু বছর না হলেও বহু মাস ধরে চলতে পারে বলে আশংকা করছেন যুক্তরাজ্যের ডেপুটি প্রধানমন্ত্রী ডোমিনিক রাব।