Home আঞ্চলিক ভৈরব নদে তলা ফেটে কয়লাবোঝাই জাহাজডুবি

ভৈরব নদে তলা ফেটে কয়লাবোঝাই জাহাজডুবি

11

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি।।

যশোরের নওয়াপাড়া ভৈরব নদে কয়লাবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। শনিবার দুপুরে উপজেলার ভাটপাড়া শ্মশানঘাটে তলা ফেটে জাহাজটি ডুবে যায়। এমভি সুরাইয়া-৩ নামে ডুবে যাওয়া জাহাজটিতে এক হাজার ১৬০ টন কয়লা ছিল বলে জানা গেছে। জাহাজে ডুবে যাওয়া কয়লা মেসার্স আফিল ট্রেডার্সের।

এমভি সুরাইয়ার মাষ্টার সোহাগ হোসেন জানান, গত ২৮ ফেব্রুয়ারি মেসার্স আফিল ট্রেডার্সের কয়লা নিয়ে এমভি সুরাইয়া জাহাজটি মংলা বন্দর মাদার ভেসেল থেকে ইন্দোনেশিয়া থেকে আসা এক হাজার ১৬০ টন কয়লা ভর্তি করে নওয়াপাড়া উদ্দেশে ছেড়ে আসে। গত ১ মার্চ জাহাজটি উপজেলার ভৈরব নদে ভাটপাড়া শ্মশানঘাটে নোঙর করে। শনিবার জাহাজটির কয়লা নামানোর কথা ছিল। কিন্তু দুপুর ১টার দিকে জাহাজের তলদেশ ফেটে জাহাজটি ডুবে যায়।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি ৬৪০ মেট্রিকটন ইউরিয়া সার নিয়ে উপজেলায় নওয়াপাড়া বাজারের পীরবাড়ি খেয়াঘাটের পাশে ভৈরব নদে এমভি শারিব বাঁধন নামের একটি জাহাজটি ডুবে যায়। ওই জাহাজটি আজও উত্তোলন করা সম্ভব হয়নি।

নওয়াপাড়া নদীবন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ জানান, ‘দুপুরের দিকে জাহাজের তলদেশ ফেটে মেসার্স আফিল ট্রেডার্সের কয়লা বোঝাই জাহাজ ডুবে গেছে। এতে ভৈরব নদের পানি কিছুটা দূষিত হবে।’