মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
সুন্দরবনসহ সকল বনাঞ্চলের বন্যপ্রাণী রক্ষার দাবীতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) ঢাংমারী এলাকায় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ‘বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি’ প্রতিপাদ্যে বিশ্ব বন্যপ্রাণী দিবসের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর বাগেরহাটের আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। এ সময় বক্তারা বলেন, বন্যপ্রাণী পুনরুদ্ধারে সকলে এগিয়ে আসুন। বন্যপ্রাণী হত্যা অপরাধ বিষয়ে মনযোগী হওয়ার এখনই সময়। পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকূলকে বাঁচাতে হবে। বন্যপ্রাণীর ভবিষ্যত আমাদের হাতে।

সুন্দরবনের বাঘ-হরিণ-ডলফিনসহ সকল বন্যপ্রাণী হত্যা অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। তাদের আবাসস্থল বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকেও রক্ষা করতে হবে। সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ নিধন বন্ধ, সুন্দরবনের প্রাণ পশুর নদীর দখল ও দূষণ রোধ, বাঘ-হরিণসহ সকল বন্যপ্রাণী হত্যা বন্ধসহ মহাপ্রাণ সুন্দরবনের পাশে সকল প্রকার বনবিনাশী প্রকল্প বাতিলের দাবী জানান তারা। মানববন্ধনে বক্তারা আরো বলেন, বাংলাদেশের ফুসফুস সুন্দরবনের বন্যপ্রাণী ও উদ্ভিদকূল রক্ষা করতে না পারলে উপকূলের অস্তিত্ব রক্ষায় সংকট সৃষ্টি হবে।এ মানববন্ধনে বক্তব্য রাখেন বাপা নেতা পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার ইস্রাফিল বয়াতি, বাপা নেতা শেখ রাসেল, নদী কর্মী হাসিব সরদার, ডলফিন সংরক্ষণ দলের ষ্টিফেন হালদার, শেখর রায়, বাপা নেত্রী মীরা বিশ্বাস ও তরুন মন্ডল। এ মানববন্ধনে সুন্দরবনের উপর নির্ভরশীল শতাধিক জেলে-বাওয়ালী-মাওয়ালী ও বনজীবিরা অংশগ্রহণ করেন।











































