Home আঞ্চলিক দাকোপে ৪টি ব্যারাক বেশি জরাজীর্ণ: আশ্রয়ন প্রকল্পে মানবেতর জীবন যাপন

দাকোপে ৪টি ব্যারাক বেশি জরাজীর্ণ: আশ্রয়ন প্রকল্পে মানবেতর জীবন যাপন

38

মোঃ জাহিদুর রহমান সোহাগ দাকোপ ।।

খুলনার দাকোপে বারুইখালী আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো মারাত্মক জরাজীর্ণের কারণে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ফলে ৪টি ব্যারাকের ৪০টি পরিবারের প্রায় দুই শতাধিক মানুষ অত্যান্ত মানবেতর জীবন যাপন করছেন।

সরেজমিন ঘুরে জানা গেছে, ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আবাসন ও কর্মসংস্থান মূলক কর্মসূচি আশ্রয়ন প্রকল্পের আওতায় ১৯৯৭-৯৮ অর্থ বছরে উপজেলার পানখালী ইউনিয়নের দাকোপ খেয়াঘাট সংলগ্ন চুনকুড়ি নদীর উত্তর তীরে বারুইখালী এলাকায় ১৫ একর সরকারি খাস জমির উপর প্রয়োজনীয় পুকুর, বাথরুমসহ নির্মান করা হয় ১০টি ব্যারাক। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুই ফুট উচু ১০০ ফুট দৈর্ঘ্যরে ও ২৫ ফুট প্রস্থের সেমি পাকা পোতার উপর এ পৃথক ১০টি ব্যারাকে গড়ে তোলা হয় টিন সেডের ঘর। ১৯৯৯ সালের দিকে সেখানে মাথা গোঁজার ঠাঁই হয় অসহায় হতদরিদ্র ১০০টি ভূমি ও গৃহহীন পরিবারের। এসব পরিবারকে স্বাবলম্ববি করতে নানা ধরনের ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও সেটি শুধু কাগজ কলমে সীমাবদ্ধ রয়েছে। বর্তমানে ৪টি ব্যারাকের ছাউনির টিনে মরিচা ধরে বিভিন্ন স্থানে ছিদ্র হয়ে গেছে। বৃষ্টি এলে টিনের ফুটো দিয়ে পানি পড়ে ঘরের ভেতর ভিজে যায় চাল, ডালসহ অন্যান্য খাদ্য ও আসবারপত্র। বৃষ্টি হলে নির্ঘুম রাত কাটাতে হয় তাঁদের। ঘরের জিনিসপত্র রক্ষায় চালের ফুটো বরাবর হাঁড়ি পাতিলসহ বিভিন্ন ভাসন পেতে পানি আটকানোর চেষ্টা চলে। পানি আটকাতে অনেকে আবার ঘরের ভেতর টাঙিয়ে দিয়েছেন পলিথিন। পাকা খুঁটির পলেস্থারা খসে পড়ে লোহার রড় বের হয়ে গছে। স্যানিটেশনের অবস্থাও অত্যান্ত বেহাল। ৩টি টয়লেট আছে তা ভেঙেচুরে নষ্ট হয়ে গেছে। সেখান থেকে অনাবরত ছড়াচ্ছে দুর্গন্ধ। অত্যন্ত অস্বাস্থ্যকর ও ঘিঞ্জি পরিবেশে মানবেতর জীবন যাপন করছেন আশ্রয়ন প্রকল্পের ৪০টি পরিবারের প্রায় দুই শতাধিক মানুষ। এছাড়া ব্যারাকগুলোর মাঝে একটি খালের উপর ছোট্ট ব্রীজ ভেঙে গেছে। বর্তমানে সেখানে গাছ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন।

বারুইখালী আশ্রয়ন প্রকল্প বহুমুখী সমবায় সমিতির সাধারন সম্পাদক মহিদুল শেখ বলেন, আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের কোন আয় বর্ধক কাজকর্ম নেই। সবাই দিনমজুরি, কৃষি কাজ, ভ্যান-অটো চালিয়ে সংসার পরিচালনা করেন। অনেকের ঘরে আয় করার লোক না থাকায় বয়স্ক, বিধবা ভাতা ও সরকারি ত্রান তাদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। পল্লির লোকজন সবারই অবস্থা প্রায় একই রকম। এ অবস্থায় ঘূর্ণিঝড় ও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে আমাদের লড়াই করে বেঁচে থাকতে হয়। মূল কারণ ব্যারাকগুলো ওয়াপদা বেড়িবাঁধের বাহিরে নির্মান হওয়ায় প্রাকৃতিক দূর্যোগ ও জলোচ্ছ্বাসে ব্যারাকের সবগুলো ঘরে পানি উঠে যায়। যদি ব্যারাকগুলোর চার পাশে বাঁধ দেওয়া হতো তা হলে আর এ সমস্যা হতো না।

সমিতির সভাপতি সাহেব আলী মোল্যা জানান, প্রধান মন্ত্রীর ঘর পেয়ে আমরা আনন্দিত হয়েছিলাম। ভেবেছিলাম এই ঘরে থেকেই পরিবার পরিজন নিয়ে স্বাবলম্বী হবো। স্বাবলম্বী হওয়া তো অনেক তো দুরের কথা এখন আর আমাদের খোঁজই কেই রাখে না। তা ছাড়া এখানে স্কুল না থাকায় ছেলে মেয়েদের লেখাপড়াও হচ্ছে না। একটা স্কুল আছে তা দুইকিলো দুরে। ঘরগুলো মেরামতের বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবগত করা হলেও আজও কেউ মেরামতে এগিয়ে আসেনি। সাহেব আলী ও মহিদুলের মত ব্যারাকের একাধিক ব্যক্তি তাদের দুরাস্থার কথা জানান।

পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ বলেন, আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো মেরামতের জন্য উপজেলা প্রশাসনের সঙে কথা বলেছি। মাসিক মিটিংয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।

এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের জানান, দুই বছর আগে আশ্রয়ন প্রকল্পে খালের এক পারে ৬টি ব্যারাকের ঘরগুলো মেরামত করা হয়েছে। আর এক পারের ৪টি ব্যারাকের ঘরগুলো মেরামত বাকি আছে। অর্থ না থাকায় এই মুহুর্তে মেরামত করা সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠিয়েছি বরাদ্দ পেলেই ঘরগুলো মেরামত করা হবে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ^াস বলেন, ১০টি ব্যারাকের মধ্যে ৬টি ব্যারাকের ঘরগুলো সংস্কার করা হয়েছে। বাকি ৪টি ব্যারাকের ঘরগুলো সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয় চিঠি দিয়েছি। বরাদ্দ পেলে সংস্কার কাজ শুরু করা হবে।