স্টাফ রিপোর্টার।।
মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও মহানগর যুব লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সাগর আর নেই (ইন্নালিল্লাহি ……. রাজেউন)। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা গেছেন।
কথিত সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে প্রচার হলেও সাগরের মৃত্যু রহস্যজনক বলে পরিবার ও স্বজনরা দাবি করেছেন। এছাড়া শহর জুড়ে নানা ধরনের গুঞ্জন চলছে।
এদিকে মহানগর আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সাগরের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।









































