রূপসা প্রতিনিধি ।।
রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের তিলক–কাজদিয়া সড়কে বন বিভাগের লাগানো গাছ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি বা কোন প্রকার টেন্ডার ছাড়াই বেআইনি ভাবে চুরি করে কেটে নেয়ার অভিযোগ উঠেছে।
গত ৩ ফেব্রুয়ারী বিকেলে কতিপয় ব্যক্তি উপজেলার টিএসবি ইউনিয়নের তিলক গ্রামের আঃ আজিজের বাড়ির সামনে থেকে একটি মেহগুনি গাছ কেটে নেয়ার সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে থানা পুলিশের একটি টিম ঘটনা স্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে গাছগুলি জব্দ করেন। তবে ওই চক্রের বিরুদ্ধে এখনো কোন আইনী ব্যবস্থা গ্রহন করা হয়নি বলে জানা গেছে। এদিকে গাছ কাটার বিষয়টি জায়েজ করতে দৌঁড়–ঝাপ শুরু করেছে আছাদ বাবুু ও শহিদুল বাবু নামে স্থানীয় দুই ব্যক্তি।
স্থানীয়রা জানায়, তিলক–কাজদিয়া সড়কের দু’পাশে বনবিভাগ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করে। কিন্তু কিছু অসাধু লোক দীর্ঘদিন ধরে সরকারি গাছগুলি কেটে চুরি করে বিক্রি করলেও তাদেরকে কোন প্রকার আইনের আওতায় হয়নি। গাছ কর্তনের ব্যাপারে অভিযুক্ত আছাদ বাবুর নিকট জানতে চাইলে তিনি বলেন বন বিভাগ বনায়ন কর্মসুচী হাতে নেওয়ার পর বৃক্ষ রক্ষনা–বেক্ষন ও পরিচর্যার জন্য এলাকা ভিত্তিক একটি বনায়ন রক্ষা সমিতি গঠন করে। আমি এই সমিতির সভাপতি একারণে ঘুর্ণিঝড় বুলবুল, সিডর, আইলাসহ বিভিন্ন ঝড়ে অনেকগুলি গাছ পড়ে যাতায়াতের রাস্তাসহ মালিকানাধীন কৃষি জমির ক্ষতি হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা বনরক্ষা সমিতি আলোচনা সভায় রেজুলেশনের মাধ্যমে ঝড়ে পড়া গাছ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়ে একটি গাছ কর্তন করেছি।
উপজেলা ফরেস্ট অফিসার মুজিবুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন সমিতির উপর শুধু গাছ দেখা শোনার দায়িত্ব রয়েছে। তবে তারা কোন গাছ বিক্রি করতে পারবেনা। গাছ বিক্রির জন্য সরকারের নীতিমালা রয়েছে। একারণে গাছ কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ জব্দ করেছি। বর্তমানে গাছটি উপজেলা বনভিবাগের নিয়ন্ত্রনে রয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন ঘটনাস্থল পরিদর্শন করে গাছগুলি জব্দ করেছি গাছ কর্তনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।











































