Home আঞ্চলিক যশোরে হিজড়াকে গলা কেটে হত্যা

যশোরে হিজড়াকে গলা কেটে হত্যা

14

যশোর অফিস।।

যশোরে লাবনী (৩৫) নামে এক হিজড়াকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ৮টার দিকে যশোর-ছুটিপুর সড়কের হালসা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত লাবনীর বাবা করিম পেশায় একজন মিস্ত্রি এবং শহরের বেজপাড়ার বাসিন্দা। পুলিশ এবং নিহতের সহকর্মী নাজমা ও সেলিনা জানান- লাবনী, নাজমা ও সেলিনা একসঙ্গে যশোর শহরের ধর্মতলায় হিজড়া সরদার পাঞ্জজারির অধীনে ছিলেন। মন ও মতের মিল না হওয়ায় তারা তিনজন আলাদা হয়ে যান। এ নিয়ে পাঞ্জরি ও তার লোক মুন্নি, বর্ষা ও সোনিয়া প্রায়ই তাদের হত্যার হুমকি দিতেন।

শনিবার সকালে তারা তিনজন গ্রামে যান। হালসা ব্রিজের কাছে পৌঁছলে মুখে মাস্ক পরা দুইজন এসেই লাবনীর গলায় ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় লাবনী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় লাবনীকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, গুরুতর অবস্থায় তাকে হাসপাতেলে আনা হয়। দ্রুত তাকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়। কিন্তু অপারেশনের টেবিলেই তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুপন কুমার সরকার বলেন, ঘটনাস্থল পুলিশ ও ডিবির একাধিক টিম পরিদর্শন করেছে। কী কারণে কেন এ হত্যাকাণ্ড এবং কারা ঘটিয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে।