মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের রামপালে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে অপর অবসরপ্রাপ্ত ও মৃত পুলিশ সদস্যের বিধবা স্ত্রী এবং সন্তানের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।রামপাল থানার অভিযোগে জানা গেছে, উপজেলার শরাফপুর গ্রামের অবসরপ্রাপ্ত মৃত পুলিশ সদস্য লুৎফর রহমানের রেখে যাওয়া ১০ শতক জমি তার স্ত্রী মাহমুদা বেগম (৪৫) সন্তানেরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। কিন্তু সৈয়দ আহম্মদ আলী ও তার ছেলে পুলিশের কনষ্টবল খালিদ সাইফুল্লাহ জোরপূর্বক ওই জমি দখলে নিতে তাদের বসতঘর ভেঙ্গে সেখান থেকে তাড়িয়ে দেন। এরপর সেখানে সাইনবোর্ড টানিয়ে ও ইট দিয়ে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন পুলিশ কনস্টবল খালিদ সাইফুল্লাহ। শরাফপুর মৌজার আর,এস খতিয়ান ১১৬, জে,এল নং ৮৯ ও দাগ নং ১৫ এর ১০ শতক জমি দখলে নিতে পুলিশের ওই সদস্য খালিদ সাইফুল্লাহ সাইনবোর্ডে পুলিশের নাম ব্যবহার করে এলাকায় ভুক্তভোগীদের মাঝে ভীতির সৃষ্টি করেন। পুলিশ কনস্টবলের প্রভাবে ওই জমির প্রকৃত মালিক মাহমুদা বেগম বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে কোন প্রতিকার পাচ্ছেন না।এ বিষয়ে সৈয়দ আহম্মদ আলী ও তার ছেলে কনস্টবল খালেদ সাইফুল্লাহ বলেন, আমরাই ওই জমির প্রকৃত মালিক। সাইনবোর্ডে পুলিশের নাম ব্যবহারের বিষয়ে তারা বলেন, যাতে চোরেরা কোন মালামাল নিতে না পারে সেজন্যই সাইনবোর্ডে বাংলাদেশ পুলিশের নাম ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় বাইনতলা ইউনিয়ন চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর বলেন, পুলিশ কনস্টবলকে জায়গা দখল করে ঘর করতে নিষেধ করা হয়েছে এবং ওই জায়গা ছেড়ে দিতেও বলা হয়েছে। কিন্তু তা তারা শুনছেনা।এ বিষয়ে রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, এই সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।











































