বাবুল আক্তার।।
পাইকগাছার কপিলমুনিতে সীডলেস চায়না থ্রী লেবু চাষ করে সফল হয়েছে পলাশ কর্মকর নামে এক তরুণ। তিনি বাড়ির পার্শে উচ্চু ৩৩ শতাংশ জমিতে লেবু চাষ করে খরচ বাদে বছরে প্রায় ৪লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন। ইতোমধ্যে গ্রামের অনেকেই এ লেবু চাষে সাফল্য দেখে ঝুকে পড়েছে লেবু চাষে। পলাশ কর্মকার জানান, বাড়ির পার্শে আমার পিতার ১ বিঘা জমি রয়েছে। সে জমিতে ভালো কোন ফসল হতো না। আমি কৃষি অফিসের পরামর্শে এ জমিতে সাড়ে চার হাত ব্যবধানে ২০০ গুটি সীডলেস চায়না থ্রী লেবুর কলোম রোপন করি। জমি প্রস্তুত সহ আমার মোট খরচ হয়েছে ৫০ হাজার টাকা। এই লেবু গাছ খুব তাড়া তাড়ি বেড়ে উঠে। রোপনের তিন মাস পর থেক গুটি কলম করা যায় এবং ৭ মাস পর থেকে ফলন দেয়া শুরু হয়। একবার ফলন দেয়া শুরু করলে বছরে ১২ মাস ফল দেয়। সীডলেস চায়না থ্রি কাগজি লেবু গাছের রোগবালাই তুলনামূলক অনেক কম তাই পরিচর্যা ও খরচ অনেক কম হয়। বারো মাস সমান ভাবে প্রতি থোকায় ৮থেকে ১০ টা পর্যন্ত লেবু ধরে। সিডলেস চায়না-৩ লেবু একটি উচ্চ ফলনশীল জাত। অল্প বয়সে একটি গাছ থেকে গড়ে ৫শ থেকে ১ হাজার লেবু পাওয়া যায়। এই লেবুর কলম তৈরি করা যায় ও বছরের সবমাসে রোপণ করা যায়। বছরে শুষ্ক মৌসুমে তিন মাস মত সেচ দেওয়া লাগে। তিনি আরো জানান, আমি এক বছরে ২ লক্ষ টাকার লেবু ও ২লক্ষ টাকার কলম বিক্রি করেছি। প্রতি পিস লেবুর গুটি কলম ১০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া স্থানীয় ব্যবসায়ীরাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষেরা এ জাতের লেবুর চারা তার থেকে সংগ্রহ করছে। তার বাগানের লেবুর কলোমের চাহিদা ব্যাপক বেড়ে চলেছে। বর্তমানে প্রতিটি লেবু ৩টাকা থেকে ৪টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে। স্থানীয় শরবত বিক্রেতা প্রতিদিন আমার লেমন গার্ডেন এন্ড নার্সারি থেকে শরবত তৈরি করার জন্য নগদ টাকা দিয়ে লেবু কিনে নিয়ে যায়। আনেকেই আবার খুলনা ও বাগেরহাট জেলায় পাইকারী বিক্রি করছে। একদিকে লেবু উঠানো হচ্ছে অন্যদিকে প্রচুর ফুল আসছে। বিশেষ করে এ লেবুর কোন বিচি থাকে না। লেবুর খোঁসা পাতলা এবং প্রচুর পরিমাণে রস থাকে। যার কারণে এর চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। লেবু চাষী পলাশ কর্মকার বলেন, শিক্ষিত বেকারদের বলবো আপনারা সীডলেস বারোমাসি চায়না-৩ কাগজি লেবু চাষ করুন। এটি খুব লাভজনক, বিনিয়োগ কম। আপনাদের বেকারত্ব খুজবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। এব্যাপারে পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ জাহাঙ্গীর আলম বলেন, সীডলেস এ লেবুর প্রচুর রস এবং সুগন্ধী। কৃষি বিভাগ থেকে তাকে সার্বিক দিকনির্দেশনা দেয়া হচ্ছে।











































