মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলা বন্দর জেটি থেকে এক কন্টেইনার বিদেশী মদ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে বন্দর জেটির দুই নম্বরে ইয়ার্ডে থাকা একটি কন্টেইনার হতে এ মদ জব্দ করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কাস্টমস কর্তৃপক্ষ।

মোংলা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো: মহিবুর রহমান জানান, ঢাকার নিউমার্কেট ঠিকানার ফাহাদ ট্রেডিং নামক একটি আমদানীকারক প্রতিষ্ঠান কুইক লাইম (চুন) আমদানীর ঘোষণা দিয়ে সিঙ্গাপুর থেকে এক কন্টেইনার পণ্য আনেন। গত মার্চ মাসে পণ্যসহ এ কন্টেইনারটি মোংলা বন্দরের জেটিতে আসে। এরপর নিয়ম অনুযায়ী আমদানীকারক প্রতিষ্ঠানের এ পণ্য কাস্টমসে এন্ট্রি করার বিধান রয়েছে। এক মাসের মধ্যে এন্ট্রি করে তা ছাড়িয়ে নেয়ার নিয়ম থাকলেও দীর্ঘ ৭/৮ মাসে তা না করায় ওই কন্টেইনারটি নিলামে দেয়ার উদ্যোগ নেয় কাস্টমস কর্তৃপক্ষ। কন্টেইনার পণ্য নিলাম দেয়ার জন্য মঙ্গলবার ওই কন্টেইনারটি খুলে মালামালের পরিমাণ ও তালিক করতে গেলে কাস্টমস কর্তৃপক্ষ তাতে মদ বোঝাই পান। অথচ ঘোষণা অনুযায়ী তাতে থাকার কথা চুন। ২০ ফুট দৈর্ঘ্যরে এই কন্টেইনারটিতে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশী মদ রয়েছে। মুলত আমদানীকারক এ প্রতিষ্ঠানটি মিথ্যা ঘোষণা দিয়ে চুনের বদলে বিদেশী মদ আমদানী করেছেন। এ বিষয়ে আমদানীকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে কি পরিমাণ বিদেশী মদ এবং মূল্য কত তা এই মুহুর্তে জানাতে পারেনি কাস্টমস। কন্টেইনার থেকে মদ বের করে গণণা শেষে পরিমাণ ও দামের বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন কাস্টমসের এই কর্মকর্তা। তিনি আরো বলেন, আমদানী নিষিদ্ধ পণ্য আনায় আমদানীকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুল্ক আইন এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জেটি থেকে মদ জব্দের সময় কাস্টমসের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন মোংলা-রাপমাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আসিফ ইকবাল ও মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলামসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।











































