পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় একটি চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে গণডিডের মালিক ও এলাকাবাসী ৭জনকে অবরুদ্ধ করে রাখে। পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করেছে। ঘটনাটি উপজেলার দেলুটি ইউনিয়নের মাগুরা-দেলুটি মৌজায়। পুলিশ উভয়পক্ষকে শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছেন।
জানা যায়, শনিবার দুপুরে এস,এম, মাহবুবুর রহমানের লোকজন দেলুটি মৌজার রবীন্দ্র নাথ সরকার, লাবনী সরকার সহ স্থানীয়দের দখলীয় সম্পত্তি দখল করতে যায়। এ সময় এলাকাবাসী বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে বিপুলা সরকার, নিলিমা সরকার, শিশু লাবনী সরকার আহত হয়। এলাকাবাসী প্রতিপক্ষরা মাহবুবুর রহমানের ৭জন লোককে অবরুদ্ধ করে রাখে।
পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যেয়ে অবরুদ্ধদের উদ্ধার করে এবং উভয়পক্ষকে থানায় আসার জন্য বলে। বিকেলে এ ব্যাপারে বসাবসির এক পর্যায়ে ওসি মোঃ এজাজ শফী বলেন, যেহেতু জায়গায় জমি সংক্রান্ত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে উভয়পক্ষকে দরখাস্ত করেন এবং শান্তি-শৃংখলা বজায় রাখার স্বার্থে যে যে অবস্থানে রয়েছেন সে সেখানেই থাকবেন। এস,এম, মাহবুবুর রহমান বলেন, তারা নিলাম খরিদা মালিকদের কাছ থেকে ডিড নিয়েছেন। সে বুনিয়াদে তারা দখল পেতে ঘটনাস্থলে যায়। অপরদিকে, রবীন্দ্রনাথ সরদার রেকর্ডীয় জমির মালিক দাবী করে বলেন, মাগুরা-দেলুটি মৌজায় ১৭৫ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। যা নিয়ে সাবেক সংসদ সদস্য উভয়পক্ষের মধ্যে সমভাগে জমি বন্ঠন করে দিয়ে দেন। বিষয়টি আদালতে মামলা থাকায় নিস্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকার পরামর্শ দেন। সে মোতাবেক ভোগ দখলে থাকা অবস্থায় প্রতিপক্ষরা যাবতীয় সম্পত্তি পেশী শক্তি বলে জবর দখলে যাওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে এবং মোস্তফা, মোবারেক, মাহবুব, রহমত সানা, হেলাল উদ্দীন, মাহমুদ, হাফিজুর রহমান সানাকে অবরুদ্ধ করে রাখে।









































