Home জাতীয় চলন্তবাস থেকে লাফিয়ে পড়ে ধর্ষণ থেকে বাঁচলো কলেজছাত্রী

চলন্তবাস থেকে লাফিয়ে পড়ে ধর্ষণ থেকে বাঁচলো কলেজছাত্রী

16

ঢাকা অফিস ।।

চলন্ত বাস থেকে লাফ দিয়ে নিজেকে ধর্ষণের হাত থেকে রক্ষা করেছেন এক কলেজছাত্রী। এ ঘটনায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সেকেন্ড গোলড়া এলাকা থেকে খোকন মিয়া (২৮) নামে এক বাসচালককে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের গোলড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক বাসচালক টাঙ্গাইলের দেলদুয়ার আটিয়া বেপারীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। ঘটনার শিকার তরুণী মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় সাটুরিয়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

কলেজছাত্রী জানান, তিনি মানিকগঞ্জ যাওয়ার জন্য সকালে ধামরাই থানা রোড থেকে কালামপুর এন্টারপ্রাইজ নামে একটি বাসে উঠেন। গাড়িটি কিছুদূর যাওয়ার পর প্রায় সব যাত্রী গাড়ি থেকে নেমে যায়। এসময় তিনিও গাড়ি থেকে নামতে চাইলে চালক তাকে বাধা দেয়। গাড়িটি যখন নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড অতিক্রম করে তখন চালক চলন্ত বাসেই তাকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে তিনি চালককে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে লাফ দেন। পরে এক প্রাইভেট কারচালক বিষয়টি হাইওয়ে থানা পুলিশকে জানালে পুলিশ বাসচালককে আটক করে সাটুরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাসচালককে আটক করে সাটুরিয়া থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই বাসটিও আটক করা হয়েছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ‘চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।’