বিনোদন ডেস্ক।।
ঢালিউডের এ প্রজন্মের চিত্রনায়িকা তানহা তাসনিয়া। সর্বশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ভালো থেকো’ ছবিটি। এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন তিনি। চলতি বছরের শুরুতে ‘বিয়ে আমি করবো না’ নামের নতুন একটি সিনেমার শুটিং করেন। ছবিটি নির্মাণ করছেন রকিবুল আলম রকিব। এরপর নতুন কোনো সিনেমায় নাম লেখাননি তিনি। ছিলেন ভালো গল্প, চরিত্রের অপেক্ষায়। অবশেষে তার সেই প্রতীক্ষার অবসান হলো।
কেবল মনের মতো নয়, স্বপ্নের গল্প ও চরিত্রই পেয়েছেন এবার। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা রাখা তারামন বিবি বীর প্রতীকের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তানহা। সিনেমার নাম ‘তারামন’। ষৈড়শ্বর্য মুহম্মদের গল্প ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করবেন আমিনুর ইসলাম লিটন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সিনেমাটি একেবারে এমন নয় যে এটি তারামন বিবির জীবন ঘিরেই আবর্তিত হবে। এখানে তারামন একটি প্রতীকী ব্যঞ্জনা। তারামনের মতো অন্য নারীদের অবদান, ভূমিকা ও জীবনের গল্পও থাকবে সেখানে। তবে তা হবে নিতান্তই ফিকশন। সিনেমাটি প্রসঙ্গে তানহা তাসনিয়া বলেন, দীর্ঘদিন ধরেই আমার মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে কাজ করার একটা স্বপ্ন ছিল। এবার সেই স্বপ্নটা আমার কাছে ধরা দিলো। অনেক গর্বের বিষয় যে তারামন বিবির মতো একটা চরিত্রের জন্য আমাকে নেয়া হয়েছে। চ্যালেঞ্জিং চরিত্র আসলে। তাই তারামন বিবিকে নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন, লেখা, বই সংগ্রহ করে পড়ার চেষ্টা করছি। তার সংগ্রাম, ত্যাগ, যাতনাগুলো অনুধাবন করতে চাইছি, বুঝতে চেষ্টা করছি। সবাই দোয়া করবেন, এই দায়িত্ব যেন আমি ভালোভাবে পালন করতে পারি। সিনেমাটির উপদেষ্টা হিসেবে কাজ করছেন মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র নির্মাতা, বাংলাদেশের মঞ্চ নাটকের কাণ্ডারি নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু। সিনেমাটিতে আরও অভিনয় করবেন মোমেনা চৌধুরী, শাহানশাহ উল হক, রুহুল আমিন তুহিন, সোনিয়া আকতার প্রমুখ।











































