স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর খালিশপুর থানার আলমনগর এলাকায় জ্বালানি তেলের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার বিকালের এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, বিকেল ৫টার দিকে খুলনা রেলওয়ে জংশন থেকে ৩০টি খালি বগি (ওয়াগন) নিয়ে একটি ট্রেন খালিশপুরে পদ্মা, মেঘনা ও যমুনা ওয়েল ডিপোতে জ্বালানি তেল আনতে যাচ্ছিল। পথিমধ্যে আলমনগর এলাকায় চাকা খুলে তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
স্থানীয় লোকজন দাবি করেন, দীর্ঘদিন সংস্কার না করায় এই রেল লাইনটির অবস্থা খুবই নাজুক।
রেলওয়ের ইয়ার্ড মাস্টার কুদরত আলী জানান, এই লাইন দিয়ে যাত্রীবাহী কোনো ট্রেন চলাচল করে না। সন্ধ্যা থেকে বগিগুলো উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।









































