স্টাফ রিপোর্টার।।
খুলনার রূপসা উপজেলায় একটি প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল প্রসাধনী জব্দ করেছে র্যাব ৬। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ’র নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চলে। এরপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই প্রতিষ্ঠানের মালিককে ৩লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র্যাব ৬ এর স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপসার সেনের বাজার এলাকার মুন কসমেটিক্স কারখানায় অভিযান পরিচালনা করা হয়। কারখানার মালিক শেখ সালাউদ্দিন সেখানে অননুমোদিতভাবে পন্য উৎপাদন করতো। কারখানার অনুমোদন থাকলেও বাংলাদেশ স্টান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) থেকে চারটি পণ্যের লাইসেন্স নেওয়া হয়। তবে সেখানে অবৈধভাবে আরও ২৭ টি পণ্য উৎপাদন করা হতো। এসব পন্য খুলনা সাতক্ষীরা এবং বাগেরহাটের গ্রামাঞ্চলে বিক্রি করা হতো। মানুষ না বুঝেই সেই পন্য ব্যবহার করতো। এরকম অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেই সব ভেজাল কসমেটিক্স জব্দ করা হয়। অভিযানে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে ৩লাখ টাকা জরিমানা করেছেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ২০১৫ সালেও একবার র্যাব অভিযান পরিচালনা করে। সেসময় নকল পন্য তৈরির অভিযোগে জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়। তবে সেই একই কাজ কোম্পানীটি পুনরায় শুরু করেছে।











































