ক্রীড়া প্রতিবেদক ।।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে উইকেটকিপিং করার কথা ছিলো মুশফিকুর রহিম-এর। কিন্তু তিনি উইকেটের পেছনে দাঁড়াননি। ম্যাচ শেষে হেড কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, টি-২০ ফরম্যাটে মুশি’র কিপিং করার তেমন ইচ্ছে নেই।
সিরিজ শুরুর আগে হেড কোচ রাসেল ডমিঙ্গো জানান, প্রথম দুই ম্যাচ কিপিং করবেন নুরুল হাসান সোহান। পরের দুই ম্যাচে কিপিংয়ে দেখা যাবে অভিজ্ঞ ক্রিকেটাররা মুশফিককে। তাঁদের দু’জনের মধ্যে যিনি ভালো করবেন তিনিই শেষ ম্যাচে কিপিং গ্লাভস পাবেন।
রবিবার (৫ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ম্যাচে কিপিং করতে দেখা যায়নি মুশিকে। দায়িত্ব চালিয়ে যান সোহান। ম্যাচ শেষে এই বিষয়ে হেড কোচ ডমিঙ্গো বলেন, ‘দ্বিতীয় ম্যাচের পর মুশফিক-এর কিপিং করার কথা ছিলো। কিন্তু মুশি কিপিং করতে চায়নি। আমরা তাই সোহানকেই দায়িত্ব দিয়েছি।’
কোচ জানান, মুশফিক-এর সংগে আলোচনা করেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুশফিক-এর টি-২০ ফরম্যাটে কিপিং করে যাওয়ার ইচ্ছে নেই। ১৬ বছর উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে জাতীয় দলে খেলা মুশফিক-এর সিদ্ধান্ত মেনে নিয়েই টিম ম্যানেজমেন্ট সামনে তাকাচ্ছে বলে উল্লেখ করেন হেড কোচ ডমিঙ্গো।











































