Home আঞ্চলিক ডুমুরিয়ায় হিন্দু কল্যাণ ট্রাস্টের ২২লাখ টাকার চেক প্রদান

ডুমুরিয়ায় হিন্দু কল্যাণ ট্রাস্টের ২২লাখ টাকার চেক প্রদান

8

ডুমূরিয়া প্রতিনিধি।।

বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে খুলনার ডুমুরিয়ায় ২৮টি মন্দির এবং ২০০ মেধাবি শিক্ষার্থী ও দুস্থ পরিবারের মাঝে ২২ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। মন্দির বিশেষ ১৫ থেকে ২৫ হাজার টাকা, দুস্থ পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা এবং প্রত্যেক শিক্ষার্থীকে ২ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। গতকাল শনিবার সকালে ডুমুরিয়া কেন্দ্রীয় কালিবাড়ি ও মহাশশ^ানঘাট চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা-৫ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক সফল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এ চেক বিতরণ করেন। উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক নির্মল চন্দ্র বৈরাগীর সভাপতিত্বে এবং শিক্ষক রঞ্জন জোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী প্রফুল্ল কুমার রায়, প্রকৌশলী তিমির কুমার মন্ডল ও থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্যদেন শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, খুলনা জেলার পুরোহিত সংঘের জুনিয়র কনসালটেন্ট মুক্তি গয়ালী, হিন্দু কল্যাণ ট্রাস্টের সুপার ভাইজার বিজয় কৃষ্ণ মন্ডল, উপজেলা পুজা উদযাপদ পরিষদের সদস্য সচিব প্রভাষক গোবিন্দ ঘোষ, অশোক আচার্য্য ও উত্তম মন্ডল।

সভায় রূপসা উপজেলার শিয়ালী গ্রামে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়ি ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, রূপসার ন্যাক্কার জনক ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। তিনি বলেন, ধর্মীয় অনুভুতিতে আঘাত এনে যারা শুরশুড়ি দিয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।