>> রিমান্ড শেষে ১০ আসামি কারাগারে
রূপসা (খুলনা) প্রতিনিধি ।।
খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে মন্দির, হিন্দু সম্প্রদায়ের মানুষের দোকান ও বাড়ি ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আরও তিনজনকে আটক করেছে র্যা ব-৬। গত বৃহস্পতিবার রাতে তাদের আটক করে শুক্রবার রূপসা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলো- চাঁদপুর গ্রামের ওমর আলীর ছেলে রসুল শেখ, নুরু শিকদারের ছেলে কামাল শিকদার ও মোহন সরদারের ছেলে আরিফুল সরদার কালু।
মামলার তদন্ত কর্মকর্তা ও রূপসা থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, সন্দেহভাজন আসামি হিসেবে তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
তিনি আরও জানান, ১০ আসামির দুই দিনের রিমান্ড শেষ হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হচ্ছে না।
এদিকে হামলার শিকার গ্রামবাসীকে সাহস দিতে প্রতিদিনই সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিরা যাচ্ছেন। শুক্রবার শিয়ালী গ্রামে যান খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী, খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শুক্রবার রাত ৯টার দিকে শিয়ালী পূর্বপাড়া মন্দির থেকে কিছু ভক্ত কীর্তন করতে করতে মহাশ্মশানের দিকে যাচ্ছিলেন। মাঝপথে একটি মসজিদ ছিল। মসজিদের ইমাম মসজিদের সামনে কীর্তন করতে নিষেধ করেন। তখন তাদের মধ্যে তর্কাতর্কি হয়। বিয়ষটি নিয়ে শনিবার থানায় বৈঠক হওয়ার কথা ছিল। এর মধ্যেই শতাধিক দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে ওই গ্রামে হামলা চালায়। এ সময় চারটি মন্দির, হিন্দু সম্প্রদায়ের লোকের ছয়টি দোকান ও একটি বাড়িতে ভাঙচুর চালানো হয়।
এ ঘটনায় ৭ আগস্ট রাতে রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু থানায় মামলা করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ১৫০-২০০ জনকে আসামি করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।











































