Home জাতীয় ৫৭ বক্সে এলো ১০ লাখ টিকা, শনিবার আসবে আরও ১০ লাখ

৫৭ বক্সে এলো ১০ লাখ টিকা, শনিবার আসবে আরও ১০ লাখ

13


ঢাকা অফিস ।।

চীন থেকে ১০ লাখ কোভিড টিকা ও সিরিঞ্জ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

শুক্রবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় বিমানটি অবতরণ করে। এই তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। তিনি জানান, চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার্টার্ড ফ্লাইট বিজি-৫০৬৫-এ টিকাগুলো আনা হয়েছে।

তিনি আরও জানান, ফ্লাইটটিতে ৫৭টি বাক্সে সিনোফার্ম-এর ১০ লাখ ডোজ কোভিড টিকা ও ৩১৩ টি কার্টনে চার দশমিক এক টন সিরিঞ্জ পরিবহন করা হয়েছে। অবতরণের পর বিমানের পক্ষ থেকে সকল প্রকার গ্রাউন্ড হ্যান্ডলিং সুবিধাও প্রদান করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অত্যন্ত সতর্কতার সংগে প্রয়োজনীয় তাপমাত্রায় বিশেষ ব্যবস্থার মাধ্যমে এসব টিকা দেশে পরিবহন করেছে।

শনিবার (১৪ আগস্ট) সকাল ১০টায় বিমানের বোয়িং ৭৮৭-৯ মডেলের আরেকটি চার্টার্ড ফ্লাইট বিজি-৫০৬৬ আরও ১০ লাখ কোভিড টিকা পরিবহন করতে ঢাকা থেকে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। চীন থেকে কোভিড টিকা নিয়ে ফিরতি ফ্লাইটটি (বিজি-৫০৬৭) বাংলাদেশ সময় রাত ১১ টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার শিডিউল রয়েছে বলেও জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।