সাতক্ষীরা প্রতিনিধি ।।
কৌশলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে এনে যৌন নিপীড়ন শেষে ভারতে পাচারকালে রক্ষা পেয়েছেন এক নারী। বিজিবি ও একজন ইউপি সদস্য তাঁকে একটি তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছে। ঘটনাটি বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালের, সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের তলুইগাছা গ্রামের।
বাঁশদহা ইউপি সদস্য আবদুস সামাদ জানান, হাওয়ালখালি গ্রামের মোজাম্মেল-এর ছেলে নাজমুল হোসেন-এর সাবেক স্ত্রী সুমাইয়া খাতুনের সংগে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে তার বন্ধু বাবু। সম্প্রতি বাবু তলুইগাছা গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর পেয়েছে। ওই ঘরে বাবু তার স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে বসবাস করে।
আবদুস সামাদ জানান, বাবু সন্তানসম্ভবা স্ত্রীকে বাবার বাড়ি রেখে এসে বন্ধুর সাবেক স্ত্রী সুমাইয়াকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসে নিপীড়ন করে। পরে কৌশলে ভারতে পাচারের উদ্যোগ নেয়। বুধবার রাতে তার চেষ্টা ব্যর্থ হয়।
বৃহস্পতিবার সকালে বাবু ভালো খাবার আনতে যাচ্ছে বলে বাইরে বেরোবার সময় সুমাইয়াকে তালাবদ্ধ ঘরে রেখে যায়।
বাবু’র মতলব বুঝতে পেরে জানালা খুলে সুমাইয়া চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে বিজিবি’র তলুইগাছা ক্যাম্পের নায়েক আহসান হাবিব ও ইউপি সদস্য আবদুস সামাদ স্থানীয়দের সহযোগিতায় তালা ভেঙে ঘর থেকে সুমাইয়া খাতুনকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করেন।
ঘটনা টের পেয়ে বাবু পালিয়ে যায়।
বিজিবি’র নায়েক আহসান হাবিব জানান, সুমাইয়া খাতুনকে পুলিশের মাধ্যমে বাবা-মা’র কাছে দেওয়া হবে। তাঁর ডাক্তারি পরীক্ষা করা হতে পারে। এই ব্যাপারে মামলা হবে বলে জানান তিনি।










































