খুলনাঞ্চল রিপোর্ট ।।
ভোলার দৌলতখানে অযত্নে-অবহেলায় পড়ে আছে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার নৌ-অ্যাম্বুলেন্স। দৌলতখান উপজেলার চরাঞ্চলবাসীর জরুরি স্বাস্থ্যসেবার জন্য ওই নৌ-অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়। কিন্তু সেটি তিন বছরেও চালু হইনি।
দৌলতখানে মেঘনা নদীর পাড়ে নৌ-অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়ে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে ভেতরে ময়লা-আবর্জনা জমে এটি এখন নষ্ট হয়ে গেছে। এ ছাড়া নৌ-অ্যাম্বুলেন্সটির সামনের দুটি গ্লাস ভেঙে গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার মদনপুর হাজীপুর ইউনিয়নসহ চরাঞ্চলের মানুষের দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০১৮ সালে নৌ-অ্যাম্বুলেন্সটি উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু অযত্নে আর অবহেলায় গত তিন বছর ধরে নৌ-অ্যাম্বুলেন্সটি দৌলতখান থানা সংলগ্ন মেঘনা নদীর পাড়ে পড়ে আছে।
এ বিষয়ে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমাদের কিছু করার নেই। চালক ও জ্বালানির ব্যবস্থা না হলে এটার কোনো কাজ নেই।’











































