Home আঞ্চলিক ইউনিয়ন ভিত্তিক টিকাদানের প্রথম দিন শনিবার রামপালের ৬ হাজার মানুষ টিকা পাচ্ছেন

ইউনিয়ন ভিত্তিক টিকাদানের প্রথম দিন শনিবার রামপালের ৬ হাজার মানুষ টিকা পাচ্ছেন

13

 মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

সারাদেশে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেওয়া শুরু হচ্ছে শনিবার ৷ রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটি নির্ধারিত কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলবে ৷ টিকাদান কেন্দ্রগুলো হচ্ছে রামপাল সদর ইউনিয়নে কাদিরখোলা কমিউনিটি ক্লিনিক, গৌরম্ভা ইউনিয়নে গৌরম্ভা ইউনিয়ন পরিষদ, উজলকুড় ইউনিয়নে সোনাতুনিয়া ফাজিল মাদ্রাসা, বাইনতলা ইউনিয়নে বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়, রাজনগর ইউনিয়নে গোনাবেলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, হুড়কা ইউনিয়নে বাবুরবাড়ি আওয়ামীলীগ কার্যালয়, পেড়িখালী ইউনিয়নে পেড়িখালী ইউনিয়ন পরিষদ, ভোজপাতিয়া ইউনিয়নে ভোজপাতিয়া এফডাব্লুসি, মল্লিকেরবেড় ইউনিয়নে মল্লিকেরবেড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাঁশতলী ইউনিয়নে ইসৱামাবাদ সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা। রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুকান্ত কুমার পাল জানান, টিকাদান কার্যক্রম শুরুর প্রথম দিন রামপালের ১০ টি ইউনিয়নে সর্বমোট ১০ টি কেন্দ্র থাকছে ৷ প্রতিটি কেন্দ্রের ৩টি করে বুথে মোট ৬শ জন করোনা ভাইরাসের টিকা নিতে পারবেন ৷ সেই হিসেবে প্রথম ধাপে উপজেলার ১০টি কেন্দ্র থেকে মোট ৬ হাজার জন টিকা পাবেন। বীর মুক্তিযোদ্ধা, মহিলা ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের টিকা গ্রহণে অগ্রাধিকার দেয়া হবে। সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। মহিলাদের টিকা নেয়ার জন্য রাখা হচ্ছে আলাদা বুথ। এদিকে টিকা প্রদানকারীদের প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা সম্পন্ন করা হয়েছে। টিকা নিতে আগ্রহীদেরকে দেখা গেছে বিভিন্ন কেন্দ্রগুলোতে রেজিষ্ট্রেশন করতে। সকলে স্বতঃস্ফূর্তভাবে টিকা নিতে আগ্রহী হয়ে রেজিষ্ট্রেশন করছেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে টিকাদান কার্যক্রমের যে অনন্য উদ্যোগ নিয়েছেন তার কারনে এতো সহজে মানুষ টিকা নিতে পারছেন ৷ টিকাদান কেন্দ্রে শৃঙ্খলারক্ষা করতে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, টিকা প্রদাণ সংক্রান্ত ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সদস্য, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবকসহ স্বাস্থ্যকর্মীরা থাকবেন ৷ তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে টিকা কেন্দ্রে গিয়ে করোনা টিকা নিতে অনুরোধ ও আহবান জানিয়েছেন।