Home বিনোদন চিত্রনায়িকা একা আটক, বাসায় মিললো ইয়াবা-মদ-গাঁজা

চিত্রনায়িকা একা আটক, বাসায় মিললো ইয়াবা-মদ-গাঁজা

14

বিনোদন ডেস্ক।।

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে নিজ বাসা থেকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। এই সময় তাঁর বাসা থেকে ইয়াবা, কয়েক বোতল বিদেশি মদ ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় রামপুরা এলাকায় তার নিজ বাসা ‘বন্ধু নিবাস’ থেকে তাঁকে আটক করা হয়। তথ্যটি বাংলাভিশন ডিজিটালকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ।

তিনি বলেন, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় একা নামে একজনকে আটক করা হয়েছে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, নায়িকা একা’র ঘর থেকে ইয়াবা, কয়েক বোতল বিদেশি মদ ও গাজা উদ্ধার করেছে পুলিশ। মাদক ও গৃহকর্মী নির্যাতন আইনে তাঁর বিরুদ্ধে দু’টি মামলার প্রস্তুতি চলছে। গৃহকর্মীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, তিন-চার মাস ধরে চিত্রনায়িকা একা তার গৃহকর্মীকে বেতন দিতেন না। গৃহকর্মী সেই টাকা চাইতে গেলে তাঁকে মারধর করেন একা। মারধরে গৃহকর্মী অসুস্থ হয়ে গেলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১৯৯৭ সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ সিনেমার মধ্য দিয়ে আয়েশা আরবী ওরফে একা’র বড় পর্দায় যাত্রা শুরু হয়। এরপর চিত্রনায়ক মান্নার সংগে জুটি বেঁধে ‘তেজী’ সিনেমায় হাজির হলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। মান্নার সংগেই টানা বিশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। মান্নার মৃত্যুর পর রুবেল, অমিত, আমিন খান, আলেকজান্ডার বো, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানসহ অনেকের বিপরীতেই অভিনয় করেছেন একা। কিন্তু হুট করেই রহস্যজনকভাবে চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে যান তিনি।