Home জাতীয় আগস্টে দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা, এখনই ব্যবস্থা নেওয়ার পরামর্শ

আগস্টে দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা, এখনই ব্যবস্থা নেওয়ার পরামর্শ

11

ঢাকা অফিস

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণে দিশেহারা দেশ। প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা, বাড়ছে প্রাণহানিও। করোনায় আক্রান্তের হার বাড়ায় দেশের হাসপাতালগুলোতে তৈরি হয়েছে আইসিইউসহ সব ধরনের শয্যা সংকট। হাসপাতালে হাসপাতালে চলছে অসহায় মানুষের হাহাকার। করোনা’র এই পরিস্থিতিতে রাজধানীতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। ঢাকায় প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন দেড় শতাধিক মানুষ। স্বাস্থ্য অধিদফতর বলছে, জুলাইয়ের ২৯ দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ২,০৯০ জন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৪ জনের। বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭০৯ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে শুক্রবার (৩০ জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭০ জন ডেঙ্গু রোগী। ঢাকার বাইরে কয়েকটি জেলায়ও ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০ জন রোগীর হাসপাতালে ভর্তি থাকার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রাজধানীর বাইরেও ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি থাকার মানে হলো জেলাগুলোতেও ছড়াতে শুরু করেছে ডেঙ্গুর সূত্রধর এডিস মশা। করোনা’র পাশাপাশি ডেঙ্গুও ছড়িয়ে পড়লে চিকিৎসাব্যবস্থায় বড় ধরনের বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরে ডেঙ্গু মশা নিয়ে গবেষণা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক, কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার। বর্তমানে ডেঙ্গু বিস্তারের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দেশের বর্তমান তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতার পরিমাণ যে পর্যায়ে আছে, তা এডিস মশার বংশ বিস্তারের জন্য যথাযথ। এই আবহাওয়ায় ডিম পাড়ার অনুকূল পরিবেশ পেলে এডিস মশা খুব দ্রুত বিস্তার ঘটাতে পারবে। যা পরে কীটনাশক প্রয়োগ করেও নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, ঢাকা শহর থেকে লকডাউনের আগে প্রচুর মানুষ গ্রামের বাড়ি গিয়েছেন। আমি নিশ্চিত এদের অনেকের শরীরে ডেঙ্গুর জীবানু ছিলো, যা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়েছে। সেই জীবানুতে কোনো মশা সংক্রমিত হলে তার মাধ্যমেই এডিস মশার বংশবিস্তার ঘটবে। এই মুহূর্তের আবহাওয়া যেহেতু এডিস মশার বংশ বিস্তারের উপযোগী, তাই আগাম সচেতনতার বিকল্প নেই। ‘আমরা শুধু ঢাকার দুই সিটি করপোরেশনকে দোষারোপ করছি। শিগগরিই দেখবেন এই পরিস্থিতিতে পড়বে দেশের সব পৌরসভা এবং সিটি করপোরেশন। বেশিদূর নয়, আগস্টেই এমন দুর্ভাগ্য বরণ করতে হতে পারে। তবে এখনই সব সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়নের জনপ্রতিনিধিরা সচেতন হলে স্ব-স্ব এলাকায় এডিস মশার প্রজননস্থল নষ্ট করে দেওয়া সম্ভব হবে। তাহলে হয়তো ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচা সম্ভব হবে।’ বলছিলেন, কীটতত্ত্ববিদ কবিরুল বাশার। তিনি আরও বলেন, আমাদের মধ্যে একটা প্রবণতা তৈরি করে দেওয়া হয়েছে যে, এডিস মশা নিধনে কীটনাশক দিতে হবে। ইদানিং অনেকে এটাকে ওষুধ বলছে। অথচ এটি এডিস নিয়ন্ত্রণের মূল সমাধান তো নয়ই, বরং আমাদের জন্য ক্ষতিকর। এডিস নিয়ন্ত্রণের সবচেয়ে বড় উপায় হলো পরিবেশগত পরিচ্ছন্নতা। এরা পরিস্কার পানি ছাড়া ডিম পাড়ে না। তাই আমরা যদি নিজেদের বাড়িতে কোথাও পরিস্কার পানি না জমাই, প্রশাসন যদি সেটা কঠোরভাবে মনিটর করে, তাহলেই এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব। শুধু বড় হয়ে যাওয়া মশাগুলোই কীটনাশকে মরবে। এগুলো না মারলেও দশদিন পরে মারা যাবে। তাই এডিসের বংশ বিস্তার ঠেকানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এডিস মশা নিয়ন্ত্রণে নিজ নিজ বাড়িতে সব পাত্র উল্টো করে রাখা এবং যেসব পাত্র উল্টো করে রাখা সম্ভব নয় (যেমন: লিফটের গর্ত) সেগুলোতে অল্প ব্লিচিং পাউডার বা কেরোসিন তেল ছিটিয়ে দিয়ে এডিস মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ করার পরামর্শ দেন এই মশা গবেষক।