বিশেষ প্রতিনিধি, ঢাকা
যখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলো তখন বিএনপিকে ঘিরে গড়ে উঠেছিলো অনেক ‘ভুঁইফোঁড়’ সংগঠন। ২০১৪ সালের নির্বাচনের আগ পর্যন্ত এসব সংগঠনের ব্যাপক তৎপরতা ছিলো। নির্বাচনের পর ধীরে ধীরে তা কমতে থাকে। সভা-সমাবেশের নামে অর্থ আয় করা, দলীয় নেতাদের কাছে গুরুত্ব পাওয়া এবং বিএনপি ক্ষমতায় এলে লাভবান হওয়ার চিন্তা থেকেই এসব সংগঠনগুলো গড়ে ওঠে। এর পেছনে দলটির কিছু কেন্দ্রীয় নেতারও ভূমিকা ছিলো। ৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপি রাজনৈতিকভাবে চাপে পড়ায় এবং দেড় বছর ধরে চলা করোনা মহামারি পরিস্থিতিতে বিএনপি’র নাম ব্যবহার করে গড়ে ওঠা ‘ভুঁইফোড়’ সংগঠনগুলোর সময় খারাপ যাচ্ছে। অর্থ যোগানদাতার অভাবে সভা-সমাবেশ নেই বললেই চলে। তাই সুযোগ বুঝে অনেকেই আওয়ামী লীগের সংগে সখ্যতা গড়ে তুলেছে। আবার অনেকে আওয়ামী লীগে না গেলেও ছেড়ে দিয়েছে বিএনপি। বিএনপি’র দফতর থেকে বলা হয়েছে, ২০১৪ সালের নির্বাচনের পর এসব সংগঠনের দৌরাত্ম্য কমে যায়। তবে তালিকা রয়েছে, এসব সংগঠনের বিরুদ্ধে সব সময়ই দল কঠোর অবস্থানে। জাতীয় প্রেস ক্লাব এলাকায় এখনো কিছু কিছু সংগঠন সক্রিয় রয়েছে। বিএনপি’র মধ্যে ‘কোণঠাসা’ নেতাদের অতিথি করে আলোচনায় থাকার কৌশল নেয় এসব সংগঠন। বিপরীতে ওইসব নেতাদের থেকে সুবিধা নেয় সংগঠনের মালিকরা। এমন অনেকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে চাঁদাবাজির অভিযোগও উত্থাপিত হয়েছে। জানা গেছে, বিএনপি’র পরিচয়ে গড়ে ওঠা সংগঠন ‘জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলন’-এর সভাপতি সানজানা আক্তার চৈতী প্রতারণার অভিযোগে ২০১৩ সালের ১৬ জুন গ্রেফতার হন। তার আরেক সহযোগী আসাদুজ্জামান ওরফে আসাদও গ্রেফতার হন একই অভিযোগে। এরপর থেকে সংগঠনটি নিষ্ক্রিয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কর্মজীবী দলের সভাপতি মো. লিটন আওয়ামী লীগে যোগদান করেন। ‘হৃদয়ে বাংলাদেশ’-এর সভাপতি মেজর (অব.) মো. হানিফ সম্প্রতি বিএনপি’র রাজনীতি থেকে পদত্যাগ করেছেন।
ভুঁইফোঁড় এসব সংগঠনের বিরুদ্ধে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপি’র জ্যেষ্ঠ নেতারা অনেকবার ক্ষোভ প্রকাশ করেছেন। এর প্রেক্ষিতে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর বিএনপি’র তৎকালীন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে ৪০টি সংগঠনের নাম উল্লেখ করে তাদের ব্যাপারে সতর্ক থাকতে বলেছিলেন। দলের যে কোনো পর্যায়ের নেতাকর্মীর অননুমোদিত এসব সংগঠনের সঙ্গে সংশ্নিষ্টতার প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন সংবাদ সম্মেলনে। একইভাবে ২০১৭ সালের ৪ এপ্রিল জিয়া-খালেদা জিয়া-তারেক রহমানের নাম ব্যবহার করে ‘ভুঁইফোঁড়’ সংগঠন সৃষ্টির বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেয় বিএনপি। ওই সময় ‘তারেক জিয়া সেবা ফাউন্ডেশন’ নামের একটি সংগঠনকে অবৈধ ঘোষণা করা হয়। ‘শহীদ জিয়া ছাত্র পরিষদ’-এর সংগে বিএনপি’র কোনো সম্পর্ক নেই বলে গত ২৬ জুলাই বিএনপি’র ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, শহীদ জিয়া ছাত্র পরিষদ নামে যে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটেছে, বিএনপি থেকে তার কোনো অনুমোদন নেই। তারা অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করেছিলো। ফলে সাধারণ শিক্ষার্থীরা বিব্রত হচ্ছিলো- ছাত্রদল থাকতে শহীদ জিয়া ছাত্র পরিষদ-এর প্রয়োজন কেন হলো? তিনি বলেন, বিএনপি’র অনুমোদনহীন এসব সংগঠন যখন কোনো অপ্রীতিকর এবং অনৈতিক কাজ করে তখন মানুষ বিএনপিকে দোষারোপ করে। এতে মূল সংগঠনের ইমেজ ক্ষুন্ন হয়।
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম রবি বলেন, এসব ভুঁইফোঁড় সংগঠনের সংগে যারা থাকেন তারা মূলত সুবিধা নেওয়ার জন্য দলের ভালো সময়ে তৎপরতা দেখায়। বিরূপ পরিস্থিতিতে এরা সটকে পড়ে।
৬৭ ভুঁইফোঁড় সংগঠন:
বিএনপি’র ভুঁইফোঁড় অন্তত ৬৭টি সংগঠনের নাম জানা গেছে। এর মধ্যে রয়েছে- জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল, বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমি, সম্মিলিত সমন্বয় পরিষদ, জিয়া নাগরিক ফোরাম, জিয়া আদর্শ একাডেমি, তৃণমূল দল, জিয়া সেনা, স্বদেশ জাগরণ পরিষদ, দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদ, দেশপ্রেমিক ফোরাম, জিয়া স্মৃতি সংসদ, চেতনায় ৭১, সচেতন নাগরিক ফোরাম, চেতনায় মুক্তিযুদ্ধ, নাগরিক অধিকার সোসাইটি, গণতান্ত্রিক ঐক্য ফোরাম, গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট, জাগ্রত জনতা ফোরাম, নাগরিক পরিষদ, গণমুক্তি আন্দোলন পরিষদ, প্রজন্ম একাডেমি, নাগরিক সংসদ, সুশীল ফোরাম, নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ, চিরন্তন বাংলাদেশ, হৃদয়ে বাংলাদেশ, বাংলাদেশ ইয়ুথ ফোরাম, জিয়া পরিষদ, তৃতীয় স্বর, দেশপ্রেমিক যুবশক্তি, নাগরিক ফোরাম, বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট, সচেতন নাগরিক পরিষদ, গ্রুপ-৯, আমরা ঢাকাবাসী, বাংলাদেশ সচেতন যুব সমাজ, সচেতন দেশপ্রেমিক, ফোরাম, জিয়া নাগরিক সংসদ, সামাজিক আন্দোলন সংস্থা, গণতান্ত্রিক মহিলা ফোরাম, সচেতন যুব সমাজ, স্বদেশ মঞ্চ, জিয়া ব্রিগেড, বাংলাদেশ জাতীয়তাবাদী সেবা দল, জাতীয়তাবাদী বন্ধু দল, ডেমোক্রেটিক কাউন্সিল, নাগরিক মঞ্চ, সমবায় দল, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, জাতীয় মানবাধিকার সমিতি, জিয়া ন্যাশনালিস্ট ফোরাম, বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ, বাংলাদেশ সচেতন যুব সমাজ, বাংলাদেশ মানবাধিকার ফোরাম, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, চেতনায় মুক্তিযোদ্ধা, জাতীয়তাবাদী নাগরিক সংসদ, জাতীয়তাবাদী বাউল দল, জাতীয়তাবাদী কর্মজীবী কল্যাণ পরিষদ, খালেদা জিয়া মুক্তি পরিষদ, তারেক রহমান মুক্তি পরিষদ, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ, শহীদ জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়ন পরিষদ, জাতীয়তাবাদী কৃষি আন্দোলন, জনতার ধ্বনি, আজকের প্রজন্ম। ২০১৪ সালের আগস্টে ভুঁইফোঁড় সংগঠনগুলোর মধ্যে ৩৮টি সংগঠন মিলে ‘বিএনপির সহযোগী সংগঠন ঐক্য পরিষদ’ গঠন করেছিলো। এর কোনো অস্তিত্ব এখন নেই। ‘জি-নাইন (গ্রুপ-২০০৯)’ ও ‘শত নাগরিক কমিটি’ নামে দুটি সংগঠনকে দলের ‘থিঙ্কট্যাঙ্ক’ হিসেবে মর্যাদা দেয় বিএনপি। নব্বই দশকের ছাত্রনেতাদের করা সংগঠনের পাশাপাশি ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ নামের সংগঠনকেও গুরুত্ব দেয় বিএনপি। বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও দফতরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দলের নাম ব্যবহার করে করা কিছু সংগঠনের কারণে দল ক্ষতিগ্রস্ত হয়। বিএনপি এই ধরনের সংগঠনগুলোকে বৈধতা দেয় না। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কেউ দলের নামে সংগঠন করতে চাইলে তার জন্য অনুমতি নিতে হয়। কিন্তু তা না করেই এসব সংগঠন গড়ে উঠছে। এতে মূল দল ও এর সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর কাজে সমস্যা হয়। তিনি আরও বলেন, দলীয় নেতারা সতর্ক থাকলে এরা সুবিধা করতে পারবে না।











































