০ মোংলা প্রতিনিধি
মোংলা পোর্ট পৌরসভার ২০২১-২০২২ইং অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান এ বাজেট ঘোষণা করেন। এ বাজেটে আয় ধরা হয়েছে ১শ ৭৮ কোটি ২০ লাখ ৯৬ হাজার ৫০৬ টাকা। বাজেটে ব্যয়ও ধরা হয়েছে আয়ের সমান।
পৌর মেয়র এ সময় বলেন, সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রকল্প থেকে সবচেয়ে বেশি আয় হবে ১শ ৫৯ কোটি সাত লাখ টাকা। আর সর্বোচ্চ ব্যয় হবে উন্নয়ন প্রকল্পসহ অবকাঠামো নির্মাণ খাতে। সেখানেও ১’শ ৫৯ কোটি সাত লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, পৌরসভার আইন উপদেষ্টা এ্যাডভোকেট শেখ আঃ সালাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও পৌরসভার কাউন্সিলরসহ পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মোংলায় রবিবার শনাক্তের হার ৫৫.৫৫ ভাগ
মোংলায় রবিবার করোনা শনাক্তের হার ৫৫.৫৫ ভাগ। এর আগে শনিবারের হার ছিল ৪৬.৬৬ ভাগ। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন করোনা পরীক্ষা করিয়েছেন। তার মধ্যে ১০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। গত ৩০ মে থেকে মোংলায় করোনা সংক্রমণ রোধে কঠোর বিধি নিষেধ চলমান রয়েছে। তবে তা খুব বেশি একটা বাস্তবায়ন না হওয়ায় সংক্রমণ ও শনাক্তের হার কোনভাবেই কমছেনা। পৌর শহরে বিধি নিষেধের কোন বালাই নেই। তাই দোকানপাট খোলা ও নদী পারাপার স্বাভাবিক রয়েছে। শহরে যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক । তাই পৌর শহরের চিত্র দেখে বুঝার উপায় নেই যে এখানে বিধি নিষেধ চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিধি নিষেধ বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। লোকজনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে, মাস্ক বিতরণ করা হচ্ছে। তারপরও যারা মাস্ক বিহীন চলাচল করছে এবং বিধি নিষেধ না মেনে দোকানপাট খোলা রাখছে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। #











































