খুলনাঞ্চল ডেস্ক
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হতে ক্রমেই নিজেদের প্রভাব বাড়াচ্ছে তালেবান। এরই মধ্যে গত মে মাস থেকে আফগানিস্তানের মোট ৩৭০টি জেলার মধ্যে অর্ধশতাধিক জেলা নিজেদের দখলে নিয়েছে এই সন্ত্রাসী সংগঠন। এর মধ্যে শুধু কুনদুজ প্রদেশে তালেবানের হামলায় এক সপ্তাহে অন্তত ২৯ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২২৫ জন। খবর আল-জাজিরার।
প্রদেশের জনস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, তালেবানের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির নারী ও শিশুরা। যাদের বেশির ভাগই সাধারণ মানুষ। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত ২৪ ঘণ্টায় দেশটির মোট ১০টি প্রদেশে ২২৫ জন তালেবান নিহত হয়েছে। যদিও তালেবানের পক্ষ থেকে নিজেদের হতাহতের বিষয়ে কিছু বলা হয়নি।
এদিকে, তালেবানের এই আগ্রাসনে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এতে চাপে পড়েছে আফগান সরকার। এরই মধ্যে দেশটির গোয়েন্দা বিভাগ তালেবানকে দমাতে তৎপরতা শুরু করেছে। তারা দাবি করেছে, সম্পতি আফগানিস্তানে ১৩০ জন তালেবানযোদ্ধা আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণ করা যোদ্ধারা এ সময় ৮৫টি একে-৪৭ জমা দিয়েছেন।
উল্লেখ্য, প্রায় ২০ বছরের অভিযান শেষে আফগানিস্তান ছাড়ছে মার্কিন ও সামরিক জোট ন্যাটোর সেনারা। এই সুযোগে পুরনো মেজাজে ফিরছে তালেবান। দেশটির অর্ধ ডজনেরও বেশি প্রদেশে নিজেদের অস্তিত্বের জানান দিতে একের পর এক জেলা দখলে নিচ্ছে এই সন্ত্রাসী সংগঠন।











































