পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় দারোগা পরিচয় দিয়ে চাঁদা আদায়কালে দু’জন ভুয়া দারোগাকে জনতা আটক করেছে। শনিবার বিকেল সাড়ে ৫ টায় হাবিবনগর থেকে দারোগা পরিচয় দিয়ে চাঁদা আদায়কালে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ভূয়া পুলিশ অফিসার পৌরসভার সরল গ্রামের ৩ নং ওয়ার্ডের মান্নান গাজীর ছেলে ফারুক গাজী (৪৫) ও সরল ৫ নং ওয়ার্ডের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে নুরুজ্জামান বিশ্বাস (৩৫)। হরিঢালী ক্যাম্প পুলিশ তাদেরকে থানায় সোপর্দ করেছে। আইনী প্রক্রিয়ায় তাদের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ওসি এজাজ শফী জানান। তারা গদাইপুর বাজার, আগড়ঘাটা বাজার ও হাবিব নগর বাজারে লকডাউনের ভয় দেখিয়ে চাঁদা আদায় করছিল বলে স্থানীয়রা জানায়।
পাইকগাছায় ট্রাক থেকে টাকা চুরির অভিযোগে ভ্রাম্যমান আদালতে একমাসের কারাদন্ড
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় করোনা প্রতিরোধে সিপিপি সদস্যদের সাথে বহিরাগত যুবক যুক্ত হয়ে ট্রাক ড্রাইভারের কাছ থেকে টাকা চুরি করেছে। এঘটনায় ভ্রাম্যমান আদালত চুরি হওয়া ১ হাজার ২শ টাকা উদ্ধার করে উপজেলার মঠবাটি গ্রামের আবুল গাজীর ছেলে মফিজুল গাজী (২৮) কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী শুক্রবার রাত ৮টায় ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করেন। শুক্রবার বিকেলে পৌরসভার জিরো পয়েন্টে প্রশাসনের সাথে সিপিপি সদস্যরা করোনা প্রতিরোধে মহড়া দেয়ার সময় এ ঘটনা ঘটে। ট্রাক ড্রাইভার টাকা চুরির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সাক্ষ্য সাবুদ শেষে তদন্ত সাপেক্ষে এ ব্যবস্থা গ্রহণ করে পুলিশে সোপর্দ করেন। ওসি এজাজ শফী জানান, ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত মফিজুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।









































