০ স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৩ জন মারা গেছেন। করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে খুলনা বিভাগে প্রথমবারের মতো এক দিনেই করোনা সংক্রমণ শনাক্তের হার ৫০ শতাংশ ছাড়িয়ে গেছে। আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত বছরের ১৯ মার্চ বিভাগে প্রথম শনাক্ত হওয়ার পর থেকে শুক্রবার প্রথমবারের মতো সর্বোচ্চ ১ হাজার ৩২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে ১৮ জুন এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। এর মধ্য দিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়াল। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৯৩৯ জন। বিভাগে মৃত্যুর হার ১ দশমিক ৮৭ শতাংশ। আর মোট শনাক্তের সংখ্যা ৫০ হাজার ১১৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩৫ হাজার ৯২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সাতজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এরপর যশোর ও খুলনায় পাঁচজন করে, ঝিনাইদহে দুজন এবং বাগেরহাট, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় একজন করে মারা গেছেন। বিভাগে করোনায় মোট মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ২৩৩, কুষ্টিয়ায় ১৮০, যশোরে ১২৪, চুয়াডাঙ্গায় ৮২, ঝিনাইদহে ৮০, বাগেরহাটে ৭৪, সাতক্ষীরায় ৬৬, মেহেরপুরে ৩৯, নড়াইলে ৩৬ ও মাগুরায় ২৫ জন রয়েছেন।
স্বাস্থ্য দপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি মাসের প্রথম ২৫ দিনে ১৫ হাজার ৮২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন ২৯৪ জন। এর আগের ২৫ দিনে (৭-৩১ মে) শনাক্ত হয়েছিল ২ হাজার ৬৩৩ জন। ওই সময়ে মারা যান ৬০ জন। অর্থাৎ এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর প্রায় ৩২ শতাংশ শনাক্ত হয়েছে চলতি মাসের ২৫ দিনে। আর মোট মৃত্যুর ৩১ শতাংশের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে এই সময়ে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় মোট ২ হাজার ৬২৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫০ দশমিক ৩৮ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ১১ শতাংশ।
বিভাগের ১০ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্তের হার চুয়াডাঙ্গায় ৭৫ দশমিক ৮২ শতাংশ। এরপর যশোরে ৬১ দশমিক ৫৬, ঝিনাইদহে ৬১ দশমিক শূন্য নয় ও বাগেরহাটে ৪৬ দশমিক ৪৯ শতাংশ।
বিভাগের ১০ জেলার মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার চুয়াডাঙ্গায় ৭৫ দশমিক ৮২ শতাংশ। এরপর যশোরে ৬১ দশমিক ৫৬, ঝিনাইদহে ৬১ দশমিক শূন্য নয়, বাগেরহাটে ৪৬ দশমিক ৪৯, খুলনায় ৪৫ দশমিক ৪৮ ও সাতক্ষীরায় ৩০ দশমিক ৩৮ শতাংশ।
বিভাগে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে বাগেরহাটে ৭৩, চুয়াডাঙ্গায় ১১৬, যশোরে ৩৭০, ঝিনাইদহে ১৭৯, খুলনায় ৩৩২, কুষ্টিয়ায় ১১১, মাগুরায় ১০, মেহেরপুরে ৪৫, নড়াইলে ৩৮ ও সাতক্ষীরায় ৪৮ জন।
শনাক্ত বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। খুলনায় এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ হাজার ১৬১ জন। এ ছাড়া বাগেরহাটে ২ হাজার ৮৬৭, চুয়াডাঙ্গায় ২ হাজার ৯৫৩, যশোরে ১০ হাজার ৭২০, ঝিনাইদহে ৩ হাজার ৮৯০, কুষ্টিয়ায় ৬ হাজার ৯১২, মাগুরায় ১ হাজার ৪৩৬, মেহেরপুরে ১ হাজার ৫৪০, নড়াইলে ২ হাজার ৪৬১ ও সাতক্ষীরায় ৩ হাজার ১৭৭ জন শনাক্ত হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার বলেন, নমুনা পরীক্ষা বাড়ালেই শনাক্ত বাড়ছে। সপ্তাহখানেক ধরে শনাক্তের হার ৩৫ থেকে ৪৪ শতাংশের মাঝে ওঠানামা করছিল। শুক্রবার প্রথমবারের মতো তা ৫০ শতাংশ অতিক্রম করেছে। বাসার পাশাপাশি হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে না মানলে পরিস্থিতির উন্নতি সম্ভব হবে না।











































