০ মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামে নিজের অজান্তেই নারিকেল গাছের মাথায় উঠে বসেন তহমিনা খাতুন (২২) নামে এক নারী। কিছুক্ষণ পর বিষয়টি পরিবারের লোকজনদের ডাকলে ফায়ার সার্ভিসের মাধ্যমে তাকে নিচে নামিয়ে আনা হয়। তহমিনা খাতুন ওই গ্রামের হাসান আলীর স্ত্রী।
মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রমেশ কুমার সাহা জানান, বৃহস্পতিবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে বেগমপুর গ্রাম থেকে জানানো হয় এক নারী নারিকেল গাছে মাথায় উঠে আর নামতে পারছে না। এমন খবরে ৬ জনের একটি টিম প্রায় ১ ঘণ্টার চেষ্টায় তাকে নারিকেল গাছ থেকে নামাতে সক্ষম হয়। নারিকেল গাছটির উচ্চতা আনুমানিক ৫৫ থেকে ৬০ ফুট।
তহমিনা স্বামী হাসান আলী বলেন, রাতে আমি বাজারে চা খেতে যাই। বাজারে যাওয়ার পর আমার বাড়ি থেকে ফোন করে বলা হয় আমার স্ত্রীকে পাওয়া যাচ্ছে না। বাজার থেকে বাড়িতে এসে খোঁজাখুজি শুরু করি। কিছুক্ষণ পর নারিকেল গাছের মাথা থেকে আমার স্ত্রী আমার মেয়ের নাম ধরে ডাকছিল। ডাকার শব্দ শুনে লাইট দিয়ে দেখতে পাই গাছের মাথায় বসে আছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আমার স্ত্রীকে উদ্ধার করে।
তিনি আরও বলেন, আমার স্ত্রীর জিনের আছর আছে। অনেক কবিরাজ দেখাইছি, কোনো কাজ হচ্ছে না। এব্যাপারে কিছুই বলতে পারে না তহমিনা খাতুন বলে জানান হাসান আলী।
এ ব্যাপারে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. রাশেদ আল মামুন বলেন, এ ধরনের ঘটনা মানসিক বৈকল্যতার কারণে হতে পারে। এর আগেও এমন ঘটনা শোনা গেছে। মানসিক রোগ বিশেষজ্ঞ কোনো ভালো চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ তার।











































