খুলনাঞ্চল রিপোর্ট
প্রথমবারের মতো ৩৬০ জন হিজড়াকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে হিজড়াদের লিঙ্গ পরিচয়ে নারী আ পুরুষ হিসেবে দেখানো হতো। জাতীয় ভোটার দিবস উপলক্ষে সোমবার (২ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সংশোধিত নতুন ভোটার তালিকার নানা তথ্য তুলে ধরেন।
তিনি আরও জানান, বর্তমানে দেশে মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২জন। নতুন ভোটার বেড়েছে ৫৫ লাখ ৬৯ হাজার ৩০ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন এবং নারী ভোটার ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২জন। এছাড়াও এই প্রথম ৩৬০ জন হিজড়াকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, হিজড়া জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করা ও তাদের প্রতি বৈষম্য দূর করতে ২০১৩ সালে নভেম্বরে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয় সরকার। ২০১৪ সালের ২৬ জানুয়ারি হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হয়।
এবার ভোটার তালিকায় হিজড়াদের অন্তর্ভূক্ত করার মধ্য দিয়ে তাদের সাংবিধানিক মর্যাদা প্রতিষ্ঠা করা হলো।








































