০ স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগে চার দিন ধরে করোনা শনাক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। তবে শনিবার স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে দেখা গেছে, শনাক্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে। তবে মৃত মানুষের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে।
গত শুক্রবার থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত বিভাগে ৩১৯ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১১০ জন। মারা গেছেন ১০ জন।
এর আগে শুক্রবার প্রতিবেদন অনুযায়ী শনাক্তের সংখ্যা ছিল ৫৯৯। মারা যান ৬ জন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
আর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার বলেন, টানা চার দিন ৫০০–এর ওপর শনাক্ত ছিল। এখন শনাক্ত কিছুটা কমেছে। স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ পরিস্থিতির উন্নতি হবে।
এদিকে বিভাগে প্রথম করোনা শনাক্তের পর শনিবার ৪৫১তম দিনে শনাক্তের সংখ্যা ৩৯ হাজার ছাড়িয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাসংক্রান্ত দৈনিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, চলতি মাসের প্রথম ১২ দিনে (১-১২ জুন) ৪ হাজার ৭১৭ জন শনাক্ত হয়। এ সময়ে মারা যান ৬৬ জন। ২০ থেকে ৩১ মে পর্যন্ত ১ হাজার ৭২৪ জন শনাক্ত হয়েছিল। ওই সময় ১২ দিনে মারা যান ৪৬ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৪১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৬৪ শতাংশ। এই সময়ে আগের দিনের চেয়ে ৭৪৯টি নমুনা কম পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার ছিল সাতক্ষীরায় ৩৬ দশমিক ১৭ আর সর্বনিম্ন হার ছিল মাগুরায় ৬ দশমিক ৬৬ শতাংশ।
বিভাগের মধ্যে খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৩৩ নমুনা পরীক্ষায় ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৮৩ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ৭ শতাংশ।
বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২ হাজার ৮৪৬ জন। মারা গেছেন ৭১১ জন।
২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে খুলনায় রয়েছেন ১১৬ জন (নগরে ১০৮ জন)। এ ছাড়া বাগেরহাটে ৬, যশোরে ৩৫, সাতক্ষীরায় ৬৮, নড়াইলে ৬, মেহেরপুরে ৮, চুয়াডাঙ্গায় ১০, মাগুরায় ১, ঝিনাইদহে ৮ এবং কুষ্টিয়ায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে এ পর্যন্ত সর্বোচ্চ ১১ হাজার ৩৭৩ রোগী শনাক্ত হয়েছে খুলনা জেলায়। এর মধ্যে খুলনা শহরেই শনাক্ত হয়েছে ৯ হাজার ১৯৮ জন।
এ ছাড়া বাগেরহাটে ২ হাজার ৫২, চুয়াডাঙ্গায় ২ হাজার ১৮৫, যশোরে ৮ হাজার ৬২, ঝিনাইদহে ৩ হাজার ৪৫, কুষ্টিয়ায় ৫ হাজার ৪৯৯, মাগুরায় ১ হাজার ৩০৮, মেহেরপুরে ১ হাজার ১৩০, নড়াইলে ২ হাজার ১৮ ও সাতক্ষীরায় ২ হাজার ৩৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।











































