Home জাতীয় সেই ম্যাজিস্ট্রেটকে বরিশালে বদলি

সেই ম্যাজিস্ট্রেটকে বরিশালে বদলি

7

লকডাউন চলাকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডার জেরে আলোচনায় আসা ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদকে বরিশালে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, করোনার লাগাম টানতে সরকার আরোপিত বিধিনিষেধের পঞ্চম দিনে রোববার (১৮ এপ্রিল) রাজধানীর এলিফ্যান্ট রোডে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা শেখ মামুনুর রশিদ ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ কাইয়ুমের সঙ্গে বাগবিতণ্ডা হয় ডা. সাঈদা শওকত জেনির।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা-সমালোচনা হয়। এ ঘটনায় পুলিশ ও চিকিৎসকদের বিভিন্ন সংগঠন পক্ষে-বিপক্ষে বিবৃতি দিয়েছে।

-ঢাকা অফিস