শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় কলাই ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের অর্ধনগ্ন নারীর লাশ গত শনিবার সন্ধ্যায় শরণখোলা থানা পুলিশ উদ্ধার করে। অবশেষে তার পরিচয় মিলেছে। তার নাম লাকী বেগম (৩৫)। উপজেলা রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর ভোলারপাড় গ্রামের মৃত নজির আহম্মদের স্ত্রী তিনি।
পুলিশ জানায়, ওই নারীর আঙ্গুলের ছাপ পরীক্ষা করে এনআইডির মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করা হয়েছে।
এদিকে, মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি এবং শরণখোলা থানা পুলিশের পৃথক তদন্ত শুরু করেছে। তারা নিহতের বাড়ি ও আশপাশ এলাকা পরিদর্শন করেছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজেশ্বর গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন কলাই ক্ষেত থেকে নারীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়। ময়না তদন্ত শেষে রবিবার রাত ৭টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
উত্তর রাজাপুর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকির খান জানান, লাকী বেগম গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যানি। তার তিনটি মেয়ে রয়েছে। তার স্বামী নজির আহম্মদ তিন মাস আগে মারা যায়। তিনি আরও জানান, বছর দুই আগে ধানসাগর ইউনিয়নের গাজীর ব্রিজ এলাকার সালাম নামে এক ব্যক্তি গোপনে লাকী বেগমকে বিয়ে করেন। কিছু দিন পর তার সঙ্গে সম্পর্কের অবনতি হয়। এর পর থেকে সালাম তাকে নানাভাবে বিরক্ত করতে থাকে। সে কারণেও এই হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডি পৃথক তদন্ত শুরু করেছে। শিগগিরই জট খুলবে বলে আশা করা যায়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।











































