মণিরামপুর (যশোর) প্রতিনিধি ॥
যশোরের মণিরামপুরে মুকুল হোসেন (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত দশটার দিকে উপজেলার শিরিলি মদনপুর গ্রামে ঘটনাটি ঘটে। এই ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে।
তারা হলেন, শিরিলি মদনপুর গ্রামের মোন্তাজ আলীর ছেলে টিপু সুলতান (২৮), ওই গ্রামের ইনতাজ আলীর দুই ছেলে দিপু হোসেন (৩০) ও রায়হান হোসেন (২০), উপজেলার কাশিপুর গ্রামের মহিদুল ইসলামের দুই ছেলে আসাদুল ইসলাম (২৬) ও সাজেদুল ইসলাম (২০)। আসাদুল ও সাজেদুল সম্পর্কে টিপুর শ্যালক।
মুকুল শিরিলি মদনপুর গ্রামের আমিন মোড়লের ছেলে। সে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তার নামে মণিরামপুর থানায় অস্ত্র ও মাদক আইনে ৮ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদক ব্যবসার কারণে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল মুকুল। তার অত্যাচারে অতিষ্ঠ ছিল এলাকাবাসী।
তবে নিহতের স্ত্রী লায়লা খাতুন বলেন, আগে মাদকের কারবার করলেও দুই বছর আগে সব ছেড়ে দেন আমার স্বামী। এরপর তিনি ঘেরের ব্যবসা ধরেন। মাঝেমধ্যে যশোর শহরে রডের কাজ করতেন। শুক্রবার রাতে আমার স্বামী সাড়াপোল বাজারে ছিলেন। তখন ইনতাজ আলীর স্ত্রী মাজেদা মোবাইলে তাদের বাড়িতে ডেকে নেয় তাকে। তখন আমার স্বামীকে পিটিয়ে ও কুপিয়ে খুন করে তারা।
এদিকে মুকুল হত্যার ঘটনায় নিহতের পিতা আমিন মোড়ল বাদি হয়ে ছয়জনকে আসামী করে মণিরামপুর থানায় মামলা করেছেন। আসামিরা হলেন, শিরিলি মদনপুর গ্রামের মোন্তাজ আলী, তার ছেলে টিপু সুলতান, মোন্তাজের চার ভাইপো দিপু হোসেন, রায়হান হোসেন, সাদেক আলী ও রাশেদ হোসেন। এদেরমধ্যে টিপু,দিপু ও রায়হান পুলিশ হেফাজতে রয়েছে।
পুলিশ জানায়, একটি সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে ৩-৪দিন আগে শিরিলি মদনপুর গ্রামের পশ্চিমপাড়ার মোন্তাজকে মারপিট করে মুকুল। শুক্রবার রাতে মোন্তাজের বাড়ির পাশে নিজের ঘেরে যায় সে। ওই সময় মোন্তাজের ছেলে টিপুর চোখে টর্চ লাইট মারে মুকুল। তখন বাকবিত-ার এক পর্যায়ে টিপুর মা এগিয়ে আসলে তার গালে চড় মারে মুকুল। এরপর মোন্তাজ আলীসহ বাড়ির অন্যদের সাথে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে খুন হয় মুকুল। ওইসময় টিপু ও দিপু আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মুকুলকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার এসআই জিয়াউল হক বলেন, মুকুল হত্যার ঘটনায় তার পিতা বাদি হয়ে ছয় জনকে আসামি করে মামলা করেছেন। তিনজন গ্রেফতার আছে। বাকি দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।











































