স্টাফ রিপোর্টার
নগরীর হরিনটানা থানাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের আহসানউল্লাহ হলের পার্শে মো. নয়ন সরদার (২০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুক্রবার নিহতের ভাই মো. রাসেল হাসান বাবু বাদী হয়ে হরিনটানা থানায় মামলাটি দায়ের করেছেন। নিহত নয়ন হরিনটানা থানাধীন ইসলাম নগরের মৃত. আব্দুল মালেক সরদারের ছেলে।
এজহারভুক্ত আসামিরা হলেন লবণচরা থানাধীন গল্লামারী পেট্রোল পাম্পের পিছনের বাসিন্দা রুস্তুম শেখের দু’ছেলে সুজন ওরফে কসাই সুজন ( ২২) ও রাজু কসাই (২৬), শামীম রেজার ছেলে শাকিব (২০), আজগর এর ছেলে রাজু (২০), রোকন মোল্যার ছেলে রাকিব (২৫), মোহাম্মদ নগর তালুকদার সড়কের মো. মোস্তফা মোল্যার ছেলে শাকিল (২৫) ও হরিনটানা থানাধীন ইসলাম নগরের মৃত. কাজী এনামুল হকের ছেলে মো. মতিউল হক রাজিব (৪০)।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আশিক রেজা শুক্রবার গ্রেফতার আসামি মো. মতিউল হক রাজিবকে আদালতে হাজির করে ৫দিনের রিমান্ডের আবেদন করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহমেদ রিমান্ড শুনানির দিন রবিবার ধার্য করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।
মামলার বিবরণে জানা যায়, হরিনটানা থানাধীন ইসলাম নগরের মৃত. আব্দুল মালেক সরদারের ছেলে মো. নয়ন সরদারকে ২৮ জানয়ারি বিকেল ৪টার দিকে জরুরী কথা আছে বলে ডেকে নিয়ে যায় কসাই সুজনসহ আসামিরা। কাশমিরি জুস কর্ণারের সামনে গেলে পুর্ব পরিকল্পিত ভাবে আসামিরা নয়নের পেটে ছুরি ডুকিয়ে দেয়। নয়নের ডাকচিৎকারে এলাকাবাসি ছুটে এলে আসামিরা পালিয়ে যায়। সংবাদ পেয়ে বাদী ও তার ভাই নয়নকে খুলনা মেড্যিাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করে। এঘটনায় নিহতের ভাই মো. রাসেল হাসান বাবু বাদী হয়ে হরিনটানা থানায় ৭জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫-৬জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন যার নং-৮।











































