স্পোর্টস ডেস্ক ।।
নরওয়ের বিপক্ষে পুরো ম্যাচ বেঞ্চে বসে থাকার পর ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল দলে যে অস্বস্তির খবর ছড়িয়েছিল, তা শেষ পর্যন্ত বড় কোনো ঘটনায় রূপ নেয়নি। পর্তুগালের কোচ জর্জ জেসুস ও অধিনায়ক রোনালদো মুখোমুখি বৈঠক করেছেন।
পর্তুগিজ সংবাদমাধ্যম অবজারভাদর জানিয়েছে, আলোচনার পর দুজনই সন্তুষ্ট ছিলেন এবং উয়েফা নেশনস লিগে পরবর্তী দুই ম্যাচের দিকে মনোযোগ দেওয়ার বিষয়ে একমত হয়েছেন।
নরওয়ের বিপক্ষে পর্তুগালের ২-১ গোলে জয়ের ম্যাচে রোনালদোকে বদলি হিসেবে মাঠে নামানোর পরিকল্পনা ছিল জেসুসের। কিন্তু মাচের পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে আসেন জেসুস।
ম্যাচ শেষে রোনালদো সতীর্থদের সঙ্গে সমর্থকদের অভিবাদন জানাতে না গিয়ে দ্রুত ড্রেসিংরুমে চলে যান।
জেসুস অবশ্য বলেছিলেন, রোনালদোকে না খেলানোর অর্থ এই নয় যে, দলের পরিকল্পনায় তিনি নেই।
এরপর গতকাল মঙ্গলবার মালমোতে অনুশীলনেও রোনালদো দলের সঙ্গে ছিলেন না। তিনি শুধু জিমে অনুশীলন করেন।
এ অবস্থায় পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা নির্ধারিত সময়ের আগেই ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে যাওয়ার সিদ্ধান্ত নেন।
তার আগাম সফরকে রোনালদো-জেসুস টানাপোড়েনের সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হচ্ছিল।
তবে প্রোয়েনসার হস্তক্ষেপের আগেই রোনালদো ও জেসুসের বৈঠক হয়ে যায়। বৈঠকের পর দুজনের মধ্যে তৈরি হওয়া অস্বস্তি কেটে গেছে বলে জানিয়েছে অবজারভাদর।
যদিও বৈঠক হলেও আগামীকাল ডেনমার্কের বিপক্ষে ম্যাচে রোনালদো পর্তুগালের শুরুর একাদশে থাকবেন—এমন নিশ্চয়তা নেই। বিষয়টি পুরোপুরি জেসুসের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।











































