স্টাফ রিপোর্টার।।
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। দিন দিন বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। গত ২৪ ঘণ্টায় বিভাগের সরকারি হাসপাতালগুলোতে নতুন করে রেকর্ড ২৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং সাতক্ষীরায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সরকারি হিসাবে বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।
তবে সরকারি হিসাবের বাইরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নেওয়া রোগীদের পূর্ণাঙ্গ তথ্য যুক্ত না থাকায় প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১৩ হাজার ৪১১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৮৯৭ জন এবং গুরুতর অবস্থায় ৩২৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৩৪২ জন রোগী।
খুলনায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ:
বিভাগের দশ জেলার মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা খুলনা জেলায়। গত ২৪ ঘণ্টায় খুলনা জেলা ও কেএমএইচ মিলে ১৫০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। জেলাটিতে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৭ হাজার এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে, যা বিভাগের মোট মৃত্যুর সিংহভাগ।
বিভিন্ন জেলায় নতুন রোগী ভর্তি:
গেল ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ২৪৮ জন রোগীর মধ্যে খুলনা জেলায় ৪১, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪১, যশোরে ২৬, ঝিনাইদহে ৯, মাগুরায় ১১, নড়াইলে ১৭, সাতক্ষীরায় ১২, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৯, কুষ্টিয়ায় ৪, মেহেরপুরে ৫ এবং চুয়াডাঙ্গায় ১১ জন রয়েছেন।
ক্রমাগত রোগী বৃদ্ধি পাওয়ায় বিভাগজুড়ে হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থার ওপর তীব্র চাপ সৃষ্টি হয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের ওপর জোর দেওয়ার পাশাপাশি জ্বর, মাথাব্যথা বা শারীরিক দুর্বলতা দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দিয়েছে জেলা ও বিভাগীয় স্বাস্থ্য বিভাগ।










































