স্টাফ রিপোর্টার।।
ডিজিটাল ডিভাইস হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাইবার স্পেস ব্যবহার করে খুলনায় কণ্ঠ নকল করে ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক আসাদুর জামান তাঁদের দুজনকে গ্রেপ্তার দেখান। এ ছাড়া মামলার আরও এক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গ্রেপ্তার দেখানো আসামিরা হলেন শিরোমনি কেডিএ আবাসিক এলাকার স্বপন দাসের বাড়ির ভাড়াটে জয়নুল আবেদীনের ছেলে মেহেদী হাসান ওরফে বাবুল ওরফে কাগজী বাবু (৪২) ও খালিশপুর থানার রায়েরমহল প্রাথমিক বিদ্যালয়ের পাশে মুজিবর শরিফের ছেলে মো. ইমরান শরিফ রনি (২৪)। এর আগে ১৮ সেপ্টেম্বর রাতে তাঁদের খুলনা থেকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পরদিন আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাঁদের এ মামলায় প্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়।
খুলনা থানার জিআরও এসআই প্রদীপ কুমার বলেন, গত সোমবার তদন্ত কর্মকর্তা এসআই সাইদুর রহমান দুজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। আদালত তাঁর এই আবেদন মঞ্জুর করেন। মামলার অপর আসামি মো. সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ্য, প্লাটিনাম জুট মিলের পুরোনো যন্ত্রাংশ বিক্রির কথা বলে কণ্ঠস্বর নকল করে খুলনার ব্যবসায়ী জি এম আজিজুর রহমানের কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ১৮ সেপ্টেম্বর সদর থানায় দুজন আসামির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন ব্যক্তিকে আসামি করে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। পুলিশ এ পর্যন্ত ১২ লাখ টাকা উদ্ধার করতে পেরেছে।











































