বেনাপোল প্রতিনিধি।।
ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে বন্ধ হয়ে গেছে। মৎস্য অধিদপ্তরের ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করায় এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার (২২ সেপে্টম্বর) ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এরপর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে।
ব্যবসায়ীদের ভাষ্য-বাংলাদেশি আমদানিকারকরা মৎস্য অধিদপ্তরের অনাপত্তি সনদের ভিত্তিতে ভারতীয় অংশে ইলিশ কেনার প্রস্তুতি নেন। কেউ কেউ ইতোমধ্যে মাছ কেনার জন্য অর্থও বিনিয়োগ করেছেন। এখন সনদ বাতিল হওয়ায় সেই মাছ বাংলাদেশে আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে হওয়া বাণিজ্যিক কার্যক্রমও নতুন পরিস্থিতির মুখে পড়েছে।
বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মতিয়ার রহমান বলেন, হঠাৎ করে অনাপত্তি সনদ বাতিল হওয়ায় আমদানিকারকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ভারতীয় অংশে যারা ইলিশ কেনার প্রস্তুতি নিয়েছেন বা ইতোমধ্যে কিনেছেন, আমদানি বন্ধ থাকায় তাদের পণ্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা না হলে দুই দেশের ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ বাড়তে পারে।
ইলিশ আমদানিকারক রাব্বি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জিসান আহমেদ রাব্বি বলেন, ভারতীয় বাজারে কেনা ইলিশ সময়মতো বাংলাদেশে আনা না গেলে কম দামে ফেরত দিতে হতে পারে। এতে মাছের ক্রয়মূল্যের পাশাপাশি পরিবহণ ও অন্যান্য খরচও লোকসানে পরিণত হবে।
এদিকে ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের কারণ এবং এর পরবর্তী কার্যক্রম নিয়ে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা জানা যায়নি।
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে ভারত থেকে বাংলাদেশে এক হাজার ৭৩৯ টন ইলিশ আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। এর মধ্যে এ পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫৩৫ টন ইলিশ আমদানি হয়েছে।











































