Home খেলাধুলা জিন্নাতের হাত ধরে ৪০ বছর পর এলো ব্যক্তিগত পদক : এশিয়ান গেমস

জিন্নাতের হাত ধরে ৪০ বছর পর এলো ব্যক্তিগত পদক : এশিয়ান গেমস

2

স্পোর্টস ডেস্ক ।।

গতকালই নিশ্চিত হয়ে গিয়েছিল, মেয়েদের ৫২ কেজি উশু ইভেন্টে একটি পদক জিততে চলেছে বাংলাদেশ। আজ (২৩ সেপ্টেম্বর) এলো সুখবর।

৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশকে ব্যক্তিগত পদক এনে দিয়েছেন জিন্নাত আক্তার। উশুতে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। ইন্দোনেশিয়ার থারিসা দেয়া ফ্লোরেন্তিনা ডিসকোয়ালিফায়েড হওয়ায় এশিয়ান গেমসে সেমিফাইনালে পৌঁছান নেত্রকোনার মেয়ে জিন্নাত। এতেই পদক নিশ্চিত হয়ে যায়।

উশুতে সেমিতে উঠলেই ব্রোঞ্জ নিশ্চিত। আজ (২৩ সেপ্টেম্বর) সেই লড়াইয়ে চীনের উ ডিয়ের কাছে হেরে যাওয়ায় সোনা বা রুপার লড়াইয়ে ওঠা হয়নি জিন্নাতের। তবে আগামীকাল তার গলায় ঠিকই ব্রোঞ্জ পদক উঠবে।

জিন্নাতের আগে সর্বশেষ বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসে ব্যাক্তিগত পদক জিতেছিলেন মোশাররফ হোসেন।

১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে প্রথম ও শেষবারের মতো লাইট হেভিওয়েট ব্যক্তিগত ক্যাটাগরিতে ব্রোঞ্জ জিতেছিলেন এই বক্সার।
এরপর দীর্ঘ চার দশক কেটে গেলেও কোনো বাংলাদেশি অ্যাথলেট একক ইভেন্টে পদকের দেখা পাননি। অবশেষে আইচি-নাগোয়া এশিয়ান গেমসে সেই আক্ষেপ ঘোচালেন ২৩ বছর বয়সী জিন্নাত।