যশোর অফিস।।
যশোরের মণিরামপুরে সনাতনী পল্লিতে ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে দাবি করে ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে একটি চক্র। এ ধরনের কোনো ঘটনা মণিরামপুরে ঘটেনি। অন্য জায়গার অগ্নিকাণ্ডের ভিডিও মনিরামপুরের সনাতন পল্লির দাবি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।
তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও প্রচারিত তথ্যের সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই। একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর ভিডিও প্রচার করে যশোরের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, যশোরে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। এ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারে, এমন গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও বা তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার না করার আহ্বান জানিয়ে বলা হয়, তথ্যের সত্যতা যাচাই করা জরুরি। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়িয়ে জেলার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা করছে, এমন ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।











































