Home খেলাধুলা জটাকে নিয়ে কটূক্তি, দোষীদের আজীবন নিষিদ্ধের দাবি রোনালদোর

জটাকে নিয়ে কটূক্তি, দোষীদের আজীবন নিষিদ্ধের দাবি রোনালদোর

0


স্পোর্টস ডেস্ক

সৌদি প্রো লিগে রুবেন নেভেসকে উদ্দেশ করে প্রয়াত দিয়োগো জটাকে নিয়ে কটূক্তি ও বিদ্রূপাত্মক স্লোগান দেওয়ার ঘটনায় জড়িত সমর্থকদের আজীবনের জন্য স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৫ সালের জুলাইয়ে স্পেনের জামোরায় গাড়ি দুর্ঘটনায় জটা ও তার ভাই প্রাণ হারান। রুবেন নেভেস ও রোনালদো দুজনই পর্তুগাল জাতীয় দলে জটার সতীর্থ ছিলেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আল হিলালের সতীর্থ ক্রিসেনসিও সামারভিলের পাশে দাঁড়িয়ে ফ্রি-কিক নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নেভেস। এ সময় আল তাওউনের মাঠে স্বাগতিক সমর্থকদের দিক থেকে শোনা যায়, ‘জটা, জটা, জটা’ স্লোগান।

সমর্থকদের এমন আচরণে নেভেসকে ব্যঙ্গাত্মকভাবে হাততালি দিতে এবং বৃদ্ধাঙ্গুলি তুলে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। এরপর তিনি আকাশের দিকে এবং নিজের চোখের দিকে ইঙ্গিত করেন। পরে যেদিক থেকে স্লোগান আসছিল, সেদিকেও আঙুল তুলে দেখান তিনি।

ম্যাচ শেষে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময়ও ক্ষোভ প্রকাশ করেন নেভেস। তিনি বলেন, ‘আমি শুধু আশা করি, তারা পরে এসব করার পর প্রার্থনা করতে যাবে না।’

আল নাসরের হয়ে খেলা রোনালদো নেভেস ও জটার সঙ্গে পর্তুগাল দলে দীর্ঘদিন খেলেছেন। নেভেসকে নিয়ে এমন আচরণের ঘটনায় জড়িত সমর্থকদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনিও।

ঘটনার ভিডিওসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে মন্তব্য করে রোনালদো লেখেন, ‘লিগকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং এ ধরনের সমর্থকদের আচরণের শাস্তি দিতে হবে। এটা আর ফুটবল নয়। এর একটা সীমা থাকা দরকার। যারা এ ধরনের আচরণ করে, তাদের আর কখনো স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয়।’

পর্তুগালের বয়সভিত্তিক দল ও পোর্তোর হয়ে একসঙ্গে খেলার সময় থেকেই নেভেস ও জটার ঘনিষ্ঠতা। পরে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সেও সতীর্থ ছিলেন তারা। জটার শেষকৃত্যে তার মরদেহ বহনকারীদের একজন ছিলেন নেভেস। গত বছর জোটার পর্তুগাল জাতীয় দলের ২১ নম্বর জার্সিও উত্তরাধিকারসূত্রে পান নেভেস।

এদিকে আল তাওউনকে ৬-০ গোলে উড়িয়ে সৌদি প্রো লিগের শীর্ষস্থান ধরে রেখেছে আল হিলাল। দলের হয়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি হ্যাটট্রিক করেন। ইংল্যান্ডের অলি ওয়াটকিন্স করেন দুটি গোল।