Home জাতীয় তারেক রহমানের উদ্যোগে নতুন বাড়ি পেল শহীদ ও ক্ষতিগ্রস্ত ৬ পরিবার

তারেক রহমানের উদ্যোগে নতুন বাড়ি পেল শহীদ ও ক্ষতিগ্রস্ত ৬ পরিবার

3

ঢাকা অফিস।।

জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জেরে দুর্বৃত্তদের আগুনে সর্বস্ব হারানো কুমিল্লার পাঁচ পরিবার এবং ফেনীর এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে মানবিক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’ এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের জন্য নির্মিত নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের সোনাপুর গ্রামে পৃথক কর্মসূচিতে এসব বাড়ি হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে পরিবারগুলোর হাতে চাবি তুলে দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরে হরতালের সমর্থনে চলা শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে প্রাণ হারান জাতীয়তাবাদী যুবদল নেতা মো. হারুনুর রশিদ। রোববার প্রতিনিধিদলটি শহীদ হারুনের পরিবারের কাছে বাড়ির চাবি ও আর্থিক সহায়তা হস্তান্তর করে।

পরে নেতৃবৃন্দ তার কবর জিয়ারত করেন। এর আগে ২০১৭ সালে এই শহীদ নেতার বড় মেয়ের বিয়ের খরচও বহন করেছিলেন তারেক রহমান।
অন্যদিকে, জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে গত ৪ এপ্রিল সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামের সোনাপুর গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পাঁচটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশার একটি ভিডিও প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। তিনি তাৎক্ষণিক মানবিক বিবেচনায় ওই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তার নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’ এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ করা হয়।

ফেনীতে বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা এবং সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এছাড়া ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে চৌদ্দগ্রামে চাবি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হুদা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।