Home আঞ্চলিক বকুলের বাইসাইকেলে ৩০ শিক্ষার্থীর স্বপ্নযাত্রা

বকুলের বাইসাইকেলে ৩০ শিক্ষার্থীর স্বপ্নযাত্রা

5


স্টাফ রিপোর্টার।।


যে বয়সে সহপাঠীদের সাথে হেসেখেলে কিংবা বাসে চেপে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে প্রতিদিন মাইলের পর মাইল পায়ে হেঁটে কিংবা অভাবের সাথে লড়াই করে পাঠশালায় পৌঁছাতে হয় তাদের। কিন্তু বুকের ভিতর লালন করা লেখাপড়ার অদম্য ইচ্ছার কাছে সেই কষ্টগুলো প্রতিদিন হার মেনেছে। অবশেষে সেই অদম্য সংগ্রাম আর স্বপ্নের পথে নতুন গতি এনে দিল দুটি করে চাকা।


খানাবাড়ি গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী লামিয়া খাতুন। যোগীপোলের বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। বাবা মো. ইলিয়াস দেওয়ান পেশায় একজন সাধারণ ভ্যানচালক। প্রতিদিনের যাতায়াতে ৫০ টাকার বেশি খরচ চালানো যেখানে কষ্টকর, সেখানে মেয়ের পড়ার অদম্য আগ্রহ দেখে বাবা নিজের ঘাম ঝরানো উপার্জন উজাড় করে দিচ্ছেন।


অন্যদিকে, কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী সেলিনা শাবনাজ শিপা। বাবা চাকরিজীবী হলেও প্রতিদিন স্কুলে পৌঁছে দেওয়া সম্ভব হয় না। ফলে মীরেরডাঙ্গার বাসা থেকে প্রায় তিন কিলোমিটার পথ কড়া রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে স্কুলে যেতে হতো তাকে।
একই চিত্র খালিশপুর বঙ্গবাসী মোড়ের মো. সাদরুল আলম ফাহামের। মঈনউদ্দিন হাফেজিয়া মাদরাসা থেকে কুরআন হিফজ করার পাশাপাশি দারুল মোকররম মাদ্রাসায় ৮ম শ্রেণিতে পড়ছে সে। স্বপ্নের ডানায় ভর দিয়ে প্রতিদিন কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে মাইলের পর মাইল হেঁটে গন্তব্যে ছুটতে হয় এই কিশোরকে।


নানা প্রতিকূলতা ও অভাব-অনটনকে জয় করে পড়ালেখা চালিয়ে যাওয়া এমন ৩০ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর জীবনের পথ চলা সহজ করতে তাদের হাতে তুলে দেওয়া হলো উপহারের নতুন বাইসাইকেল। সাইকেলের দুই চাকায় চড়ে যেন ডানা মেললো তাদের শিক্ষার স্বপ্ন!


রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) প্লাটিনাম জুবিলী জুট মিলসের অফিসার্স ক্লাবে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই উপহার তুলে দেন।


অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্যে হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, “অভাব বা দূরত্বের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্নের প্রদীপ যেন নিভে না যায়, ঝরে না পড়ে—সে জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ। বিগত সরকারের ভুল নীতি ও লুটপাটের কারণে আমাদের সমৃদ্ধ শিল্পাঞ্চল আজ ধ্বংসপ্রাপ্ত। পিছিয়ে পড়া এই অঞ্চলকে পুনর্গঠন করে আলোর মুখে ফেরানোর দায়িত্ব আগামী দিনে তোমাদিকেই নিতে হবে।”


তিনি আরও বলেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের বিতর্কিত কারিকুলাম পরিবর্তন করে নতুন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করেছে, যেন কোনো শিক্ষার্থীকে পড়ালেখা শেষ করে বেকার বসে থাকতে না হয়। পাশাপাশি খুলনায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তিনি শিক্ষার্থীদের নিজ নিজ ঘরবাড়ি ও স্কুলের আঙিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।


এসময় উপস্থিতি ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী।


এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বিএনপি নেতা স ম আব্দুর রহমান, হাবিব বিশ্বাস, শেখ ইমাম হোসেন ও আবুল কালাম জিয়া প্রমুখ। উপহারের সাইকেল হাতে পেয়ে বাঁধভাঙা আনন্দে ভেসে ওঠে অসচ্ছল পরিবার থেকে আসা এই শিক্ষার্থীদের মুখগুলো।