ঢাকা অফিস।।
দেশের আকাশে রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি।
‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ফাতেহা-ই-ইয়াজদাহম বলতে ১১তম দিনকে বোঝায়। এই ফাতেহা ই ইয়াজদাহম আবদুল কাদের জিলানী (রহ.)-এর স্মরণে পালিত হয়। তিনি হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি ইন্তিকাল করেন।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ, এইচ, এম কামরুজ্জামান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম ও কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।











































