ঢাকা অফিস।।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় স্রোতে ভেসে ১০ জন নিখোঁজ হন।
পরে ভারতের ভূখণ্ড থেকে তাদের জীবিত উদ্ধার করেছে ভারতীয় সীমান্তবর্তী বাহিনী (বিএসএফ)। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
উদ্ধারদের রাতের মধ্যে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নাজির হোসেন।
তিনি বলেন, সদর উপজেলার বাখরআলী ঘাট থেকে ডিঙি নৌকাযোগে জহরপুর ক্যাম্পের এবং এ ইউপির ০৮ নম্বর ওয়ার্ড এলাকায় আসছিলেন ১১ বা ১২ জনের একটি দল। এই সময় ডিঙি নৌকাটি ডুবে যায়।
পরে সাঁতার কেটে একজনকে উদ্ধার করা হয়েছে। বাকি ১০ বা ১১ জন ভেসে ভারতীয় সীমান্ত এলাকায় প্রবেশ করলে তাদের খানদোহা ক্যাম্প বিএসএফ উদ্ধার করে। তারা এখন ভারতের বিএসএফের কাছে আছে বলে শুনেছি।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, পদ্মায় নৌকাডুবির ঘটনায় ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফের খানদোহা ক্যাম্পের সদস্যরা। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের রাতের মধ্যেই ফেরত আনার চেষ্টা চলছে।











































