Home জাতীয় ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে: পর্যটনমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে: পর্যটনমন্ত্রী

2

ঢাকা অফিস।।

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে উন্নীত করার সার্বিক আশাবাদ রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার রাজধানীর কুর্মিটোলায় ইউনাইটেড কনভেনশন সেন্টারে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বমানের এভিয়েশন’ শীর্ষক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পর্যটনমন্ত্রী বলেন, ‘২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে উন্নীত করার সার্বিক আশাবাদ রয়েছে। এ প্রত্যাশার সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ, পর্যটনশিল্পের বিকাশ ও বৈশ্বিক যোগাযোগব্যবস্থার সঙ্গে অধিক কার্যকর সংযুক্তি তৈরিতে এভিয়েশন খাতের অগ্রগতি ও উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে বাংলাদেশের জিডিপিতে এভিয়েশন খাত বছরে ৫৩০ কোটি ডলারের অবদান রাখছে, যা মোট অর্থনীতির প্রায় ১ দশমিক ২ শতাংশ। এ খাতে পৌনে পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। বিমান পরিবহন খাতে আন্তর্জাতিক যাত্রীর সংখ্যা ১ কোটি ২০ লাখের বেশি। আগামী এক দশকে দেশের বিমান পরিবহনের বাজার ১৬০ শতাংশ বাড়বে এবং অর্থনীতিতে বছরে আরও প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার যোগ হবে বলে পূর্বাভাস রয়েছে।’

বিমানবন্দরের উন্নয়নের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করতে জাপানি কনসোর্টিয়াম প্রতিষ্ঠানকে বলা হয়েছে। বিমানবন্দরে উন্নত যাত্রীসেবায় সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। উড়োজাহাজ থেকে যাত্রীরা নামার সঙ্গে সঙ্গে কনভেয়ার বেল্টে তাদের লাগেজ সরবরাহ করা হচ্ছে।’

এদিকে অনুষ্ঠানে দেশের বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে আরও ৪–৫ বিলিয়ন ডলারের লিজে উড়োজাহাজ কেনার অর্ডার দেওয়া হচ্ছে। তবে এ পর্যায়ে উড়োজাহাজগুলো বোয়িং নাকি এয়ারবাস সরবরাহ করবে, তা প্রকাশ করা সম্ভব নয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ ছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। এয়ারএশিয়া, ইউনাইটেড গ্রুপ ও ইউএস-বাংলা এয়ারলাইনসের সহযোগিতায় এ পলিসি কনক্লেভ অনুষ্ঠিত হয়।