ক্রীড়া ডেস্ক
২০৩০ বিশ্বকাপের আয়োজক নিয়ে স্পেন ও মরক্কোর মধ্যে সহযোগিতার পরিবেশ থাকলেও ফাইনাল আয়োজনের প্রশ্নে দুই দেশের মধ্যে শুরু হয়েছে প্রতিদ্বন্দ্বিতা। ফাইনাল নিজেদের দেশে আয়োজন করতে চাইছে স্পেন ও মরক্কো। এ নিয়ে দুই পক্ষের দাবি-পাল্টা দাবির মধ্যেই অবস্থান পরিষ্কার করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে ২০৩০ সালের আসরটি হবে ব্যতিক্রমী। ছয়টি দেশে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচ। আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে হবে একটি করে ম্যাচ। এরপর মূল আয়োজন হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোয়। তবে মূল বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, অর্থাৎ ফাইনাল কোথায় হবে, সেটিই এখন বড় প্রশ্ন। স্পেন ও মরক্কো-দুই দেশই নিজেদের মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচ আয়োজনের দাবি জানাচ্ছে।
বিতর্কের মধ্যে ফিফার এক মুখপাত্র স্পেনের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। উপযুক্ত সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
ফাইনাল আয়োজনের ক্ষেত্রে মরক্কোর যুক্তি অবশ্য বেশ জোরালো। তাদের দাবি, বিশ্বকাপ আয়োজনে মহাদেশভিত্তিক ভারসাম্যের বিষয়টি বিবেচনা করলে এবার আফ্রিকার পালা। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার পর আর কোনো আফ্রিকান দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। এরপর বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকা। এই যুক্তির ভিত্তিতেই ফাইনাল আয়োজনের দাবি করছে মরক্কো। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লাকজা সম্প্রতি দাবি করেছেন, ২০৩০ বিশ্বকাপের ফাইনাল বেনস্থিমানেতে নির্মিত হাসান-২ স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। এমনকি ফাইনালে মরক্কো খেলবে বলেও আশাবাদ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে স্পেনও পিছিয়ে থাকতে রাজি নয়। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান মনে করেন, ফুটবলীয় সামর্থ্য, বিশ্বকাপের ইতিহাস ও অবকাঠামোর দিক থেকে ফাইনাল আয়োজনের ক্ষেত্রে স্পেনই সবচেয়ে যোগ্য।
মরক্কোর ফেডারেশন প্রধানের মন্তব্যের পর স্পেনের অবস্থানও স্পষ্ট করেছেন লুজান। তার দাবি, ফাইনাল আয়োজনের জন্য সবাই নিজেদের দাবি জানিয়েছে, কিন্তু এখনও ভেন্যু সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পুরুষ ও নারী-দুই বিভাগেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় স্পেনের ফাইনাল আয়োজনের যোগ্যতা রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
ফলে ২০৩০ বিশ্বকাপের আয়োজন ঘিরে দুই দেশের সহযোগিতার পাশাপাশি ফাইনাল নিয়ে প্রতিযোগিতাও ক্রমেই তীব্র হচ্ছে। শেষ পর্যন্ত ফিফা কোন দেশকে বেছে নেয়, সেটিই এখন ফুটবল বিশ্বের আগ্রহের বিষয়। তবে ফিফার পক্ষ থেকে আপাতত স্পষ্ট করে দেওয়া হয়েছে-ফাইনালের ভেন্যু নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।









































